সেই রুমানা অন্ধত্বকে জয় করে এগিয়ে চলেছেন
রোদ ঝলমলে দিনে উঁচু পর্বত বেয়ে ওঠা বা আকাশ ছোঁয়ার স্বপ্ন হারিয়ে যায়নি রুমানা মনজুরের। নীল সমুদ্র কিংবা দিগন্তজুড়ে ভেসে চলা রাশি রাশি মেঘের ভেলা দেখতে কেমন, তা-ও এখনো ঠিক মনে করতে পারেন তিনি। কিন্তু পারেন না শুধু প্রিয় সন্তান, স্বজন আর নিজের চারপাশটা দেখতে।স্বামীর নির্যাতন ও হামলায় দুই বছরেরও বেশি সময় আগে দুই চোখের আলো হারিয়ে ফেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী এই অধ্যাপক। কিন্তু কোনো বাধাই তাঁকে বেঁধে রাখতে পারেনি। দমে যাননি এতটুকু। অন্ধত্বসহ সব বাধা ডিঙিয়ে এরই মধ্যে রুমানা অনেকটাই সুস্থ হয়ে এগিয়ে গেছেন স্বপ্ন পূরণের পথে।কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া (ইউবিসি) থেকে সম্প্রতি রুমানা রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেছেন। কানাডার ভ্যাঙ্কুভারে তাঁর সঙ্গে রয়েছে ছয় বছরের মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা। মাস্টার্স শেষে এবার তিনি আইন বিষয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের আইনি ব্যবস্থার করুণ অবস্থা রুমানাকে টেনেছে আইন বিষয়ে পড়তে।গত বুধবার রুমানা (৩৫) ইউবিসি ক্যাম্পাস থেকে কানাডার গণমাধ্যমকে এক সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিটি মুহূর্তে তিনি তাঁর মেয়েকে দেখতে না পাওয়ার কষ্টে ভোগেন। কেবল মেয়েই নয়, সবাইকে না দেখার কষ্ট তিনি পান।কানাডায় স্নাতকোত্তর পড়ার সময় ২০১১ সালের জুনে ছুটিতে দেশে আসেন রুমানা। এসে স্বামী হাসান সাঈদের নির্যাতন ও হামলার শিকার হন তিনি। হামলায় তাঁর দুই চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনি চিরতরে অন্ধ হয়ে যান। টরন্টো স্টার।