সেই রেডিওটি এখন আর বাজে না
মুক্তিযুদ্ধের স্মৃতি-জাগানিয়া পাবনার ঈশ্বরদী উপজেলার বিবিসি বাজারের চা-বিক্রেতা কাশেম মোল্লার সেই রেডিওটি এখন আর বাজে না। একাত্তরে আতঙ্কিত লোকজন চুপি চুপি এই রেডিও থেকে শুনতেন বিবিসির প্রচারিত মুক্তিযুদ্ধের সংবাদ।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, কবিতা ও মুক্তিযুদ্ধের নানা খবরও শোনা যেত কাশেম মোল্লার রেডিও থেকে। সে সময় দেশ রক্ষার জন্য মুক্তিযুদ্ধে অংশ নিতে উজ্জীবিত হতেন এখানকার বাঙালিরা। কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী সেই রেডিওটি এখন নষ্ট হয়ে গেছে।
পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের চা-বিক্রেতা সেই কাশেম মোল্লার বয়স এখন ৭৩ পেরিয়েছে। ১৯৬৯ সালের প্রথম দিকে তিনি গান ও খবর শোনার জন্য তাঁর ভাই চাঁদ আলীকে দিয়ে ঈশ্বরদী শহর থেকে থ্রি ব্যান্ডের একটি ফিলিপ্স রেডিও কিনে আনেন। আশপাশের গ্রামে তখন থ্রি ব্যান্ডের রেডিও ছিল না। কাশেম মোল্লার বাড়িতে অনেকে রেডিও শুনতে আসতেন। এরই মধ্যে বেজে ওঠে যুদ্ধের দামামা। গ্রামবাসী ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের অনুরোধে কাশেম মোল্লা সেই রেডিওটি ’৭১ সালে বাড়ি থেকে রূপপুরে তাঁর চায়ের দোকানে নিয়ে যান। বিবিসির সংবাদ শোনার জন্য সেই চায়ের দোকানে প্রতিদিন মানুষের ভিড় জমত। পর্যায়ক্রমে ওই এলাকার নাম হয়ে যায় বিবিসি বাজার। সেই থেকে ‘বিবিসি বাজার’ চা-বিক্রেতা ‘কাশেম মোল্লা’ এবং রেডিওটি হয়ে ওঠে মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস। মুক্তিযুদ্ধের ইতিহাসে স্থান করে নেয় এটি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের স্মৃতির নিদর্শন সেই রেডিওটি এখনো সরকারিভাবে সংরক্ষণ করা হয়নি।
রূপপুর গ্রামে গিয়ে জানা গেছে, কাশেম মোল্লা যত্ন করে রেডিওটি আলমারির মধ্যে রেখেছেন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আর বাজে না, নষ্ট হয়ে গেছে। কাশেম মোল্লা আলমারি থেকে বের করে এনে রেডিওটি দেখান। দেখা গেছে, প্লাস্টিকের ফ্রেম ভেঙে যাওয়ায় রেডিওটির পেছনের কয়েকটি স্থানে স্কচটেপ ও রাবার দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। সামনে তিনটি সুইচ নষ্ট। সাড়ে ১১ ইঞ্চি দৈর্ঘ্য, আট ইঞ্চি উঁচু ও সাড়ে তিন ইঞ্চি প্রস্থের রেডিওটির ফ্রেম ঝালাই করে রাখা হয়েছে।
কাশেম মোল্লা জানান, ১৯৭১ সালে রেডিওটি ভেঙে ফেলার জন্য রাজাকারের সহযোগিতায় পাকিস্তানি সেনারা তাঁকে প্রচণ্ড মারধর ও নির্যাতন করে। এতে তাঁর পা নষ্ট হয়ে যায়। তবুও তিনি রেডিওটি আঁকড়ে ধরে থাকেন। রেডিওটি সংরক্ষণের জন্য তিনি ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিনিধিদের জানিয়েছিলেন। কিন্তু তাঁরা এখনো সংরক্ষণের উদ্যোগ নেননি।
কাশেম মোল্লার ছোট আরেক ভাই আবুল কালাম আজাদ জানান, এই রেডিওটি সংরক্ষণ করা দরকার। আর কাশেম মোল্লাকেও একজন মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের স্বীকৃতি দেওয়া উচিত।