সেই রোগী অবশেষে মারা গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা শহরের সায়েম ডায়াগনস্টিক কমপ্লেক্স অ্যান্ড হাসপাতালে অস্ত্রোপচার করা রোগী বেনজির আহম্মেদ (৫৫) গতকাল শুক্রবার মারা গেছেন। বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বেনজির আহম্মেদের স্ত্রী রহিমা খাতুন আবারও ভুল অস্ত্রোপচারের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন।জেলার গৌরীপুর উপজেলার পূর্ব দাপুনিয়া গ্রামের কৃষক বেনজির আহম্মেদ গত মাসে পেটের ব্যথা নিয়ে জেলা শহরের সায়েম ডায়াগনস্টিক কমপ্লেক্স অ্যান্ড হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয়, রোগীর পিত্তথলি ও নালিতে পাথর হয়েছে।গত ৩০ ডিসেম্বর রাতে সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। তিন দিন পর দেখা দেয় বিপত্তি। অস্ত্রোপচারের সময় রোগীর পেটে লাগানো নল দিয়ে দূষিত রক্তের পরিবর্তে মল আসা শুরু করে এবং ধীরে ধীরে রোগীর পেট ফুলে উঠতে থাকে। গত সোমবার রোগীর অবস্থার আরও অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া বিল না নিয়ে নিজেরাই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রোগীকে তড়িঘড়ি করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। এ নিয়ে পরের দিন মঙ্গলবার ‘ভুল অস্ত্রোপচারের অভিযোগ, অবনতি হওয়া রোগীকে দ্রুত পাঠানো হলো অন্যত্র’ শিরোনামে প্রথম আলোতে খবর প্রকাশিত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্টার্ড আবু সাঈদ বলেন, ক্রমেই রোগীর অবস্থার অবনতি হচ্ছিল। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তিনি মারা যান।অভিযোগের ব্যাপারে মুঠোফোনে রোগীর অস্ত্রোপচারকারী চিকিৎসক অধ্যাপক মুজিবর রহমানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এর আগে তিনি বলেছিলেন, ভেতরে সেলাই ছিঁড়ে যাওয়ায় এমন বিপত্তি ঘটেছে। তাঁরা সাধ্যমতো চেষ্টা করেছেন। বাকিটা ভাগ্য।