
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণসামগ্রী নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বন্ধুসভা। দেশের বিভিন্ন স্থানে চলছে ত্রাণ বিতরণের কাজ। গতকাল শুক্রবার রাজশাহী, নওগাঁ, মাদারীপুর, যশোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহীর বাঘার চরকালিদাসখালী গ্রামে ত্রাণ বিতরণের সময় পাওয়া গেল আবদুল লতিফকে। ২০০৪ সালে আবদুল লতিফ তাঁর বাড়ি বিক্রি করে মেয়ের বিয়ে দিয়েছিলেন। ওই বছরের ২২ ডিসেম্বর প্রথম আলোতে এ নিয়ে খবর প্রকাশিত হয়। এরপর প্রথম আলোর উদ্যোগে তাঁর বাড়িটি ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। তাঁকে একটি ভ্যান ও গাভি কিনে দেওয়া হয়েছিল। এবার বন্যার সঙ্গে পদ্মা নদীর তীব্র ভাঙনে লতিফের ঘর-ভিটা বিলীন হয়ে গেছে। গতকাল লতিফ বলেন, প্রথম আলো তাকে যা করে দিয়েছিল, তা দিয়ে তিনি অনেক কিছুই করেছিলেন। এখন তিনি নিঃস্ব।
গতকাল এ গ্রামের ২০০ বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের সময় বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম উপস্থিত ছিলেন।
নওগাঁর আত্রাই উপজেলার পাঁচপুর গ্রামের শিল্পী বেগম শিশুখাদ্যসহ ত্রাণসামগ্রী পেয়ে বললেন, ‘আইজকা দিয়ে ১২ দিন হইলো, ছয় মাসের বাচ্চা নিয়ে রাস্তার ওপর পড়ে আছি। সরকারি ইলিপ (রিলিফ) দ্যাওয়ার কথা বলে নাম লিস্টি করে লিয়ে গেছে কয়েক দিন আগে। এখনো সেই ইলিপ পাই নাই। বড় মানুষ তাও আধপেটা খ্যায়ে থাকতে পারে, কিন্তু ছোট বাচ্চাক তো আর আধপেটা রাখা য্যাবে না। এদিকে হামার খাওন-দাওন ঠিকমতো না হওয়ায় ছাওয়ালটাও বুকের দুধ প্যাচ্চে না। তোমরা এই দুধ ও সুজি দ্যাওয়ায় হামার বিরাট উপকার হইলো।’
উপজেলার আত্রাই উচ্চবিদ্যালয় ও আহসানগঞ্জ উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্র এবং পাঁচপুর বাঁধের রাস্তায় আশ্রয় নেওয়া বন্যাদুর্গত ১০০টি পরিবারের মধ্যে গতকাল শুক্রবার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারে ২ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি সয়াবিন, আধা কেজি গুড়, আধা কেজি ডাল, আধা কেজি করে লবণ ও তিনটি খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়। ৫০টি পরিবারকে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। প্রত্যেক শিশুর জন্য ২৫০ গ্রাম গুঁড়া দুধ, আধা কেজি সুজি ও আধা কেজি করে চিনি দেওয়া হয়। এ ছাড়া বন্যাদুর্গত ৫০ জন অসহায় নারীকে নতুন শাড়ি দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণে সহযোগিতা করেন সালেহা ইমারত ডিগ্রি কলেজের প্রভাষক রুহুল আমিন, স্থানীয় সমাজকর্মী জাহিদুল ইসলাম ও মাসুদ রানা।
মাদারীপুরের শিবচরে বন্যাদুর্গত চরজানাজাত ও মাদবরেরচর গ্রামের ১০০ পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হলো। প্রতিটি পরিবারকে দেওয়া হয় ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, বিস্কুট, গুঁড়া দুধ ও মুড়ি।
ত্রাণ দেওয়ার জন্য ডুবে থাকা বাঁধে আটকে যাওয়া পানিবন্দী একটি পরিবারের কাছে ট্রলার নিয়ে পৌঁছতে পারছিলেন না বন্ধুসভার সদস্যরা। এ সময় মাদারীপুর বন্ধুসভার সদস্য শাহাদাত আকন ত্রাণের প্যাকেট এক হাত দিয়ে মাথায় ধরে অন্য হাতে সাঁতরে বহু কষ্টে ওই পরিবারের কাছে পৌঁছে দেন। শাহাদাতের এ ভূমিকায় অভিভূত হন উপস্থিত বন্ধুসভার সদস্যরা। শিবচরে পদ্মা নদীর মধ্যে চরাঞ্চল মাদবরেরচর, কাঠালবাড়ি, বন্দরখোলা ও চরজানাজাত ইউনিয়নের আট শতাধিক পরিবার নদীভাঙনের শিকার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
যশোরের পঞ্চাশোর্ধ্ব নারী সরবানু বিবি তাঁর পরনের শাড়ির ছেঁড়া অংশ দেখিয়ে বলেন, ‘এ পর্যন্ত কেউ একখান কাপড় দেইনি। মেলা অসুবিধার মধ্যি আছি। তোমাগের শাড়িখান পাইয়ে বড় উপকার হইলো।’
যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধ কেশবপুর উপজেলার বায়সা, হাসাবপোল ও ভোগতি গ্রামের বানভাসি ১১০টি পরিবারের হাতে গতকাল শাড়ি, লুঙ্গি, সেমাই ও চিনি তুলে দেওয়া হয়েছে। এ সময় সরবানু বিবির মতো অনেকে তাঁদের খুশির কথা জানান।
অতিবৃষ্টির কারণে এ বছর যশোরের ভবদহ অঞ্চলের কেশবপুর, অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত তিন লাখ মানুষ জলাবদ্ধতার শিকার হয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ হাজার পরিবার ঘর ছেড়ে রাস্তার পাশের খোলা জায়গা ও স্কুল-কলেজে আশ্রয় নিয়েছে।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় গতকাল গোয়াতলা ইউনিয়নের ১৫০টি বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল বোতলজাত সয়াবিন, সেমাই, চিনি, গোসলের সাবান, বিস্কুট ও টাকা। ত্রাণ নিতে আসা ৮০ বছরের বৃদ্ধা হাজেরা খাতুন বলেন, ‘বাড়িঘরে অহনও (এখন) পানি। অনেকেই চাল ডাল দিছে। তাই দিয়া সংসার চলতাছে। আইজ সেমাই চিনি পাইয়্যা খুশি লাগতাছে।’ এ সময় উপস্থিত ছিলেন গোয়াতলা ইউপির চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার এবং ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের চর ভারুয়া গ্রামের বন্যাকবলিত ১৫০টি পরিবারের মধ্যে গতকাল ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার দুপুরে ভারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিটি পরিবারকে তিন কেজি চাল, এক কেজি করে ডাল, আলু, লবণ, পেঁয়াজ ও এক প্যাকেট করে বিস্কুট দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে গ্রাম পাঠাগার আন্দোলনের সংগঠক আবদুস ছাত্তার খান, অর্জুনা হাজী ইসমাইল খাঁ কলেজের প্রভাষক নাজিরুল ইসলাম, বন্ধুসভার আবদুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বসালগাঁও গ্রামে গতকাল ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী পেয়ে জহেরা বেগম (৭৫) বলেন, ‘বানের পানি ঘরের সব ভাসি নিয়ে গেইছে। একখান কাপড়ে থাকিছিনু। মানুষ খাবার দেছিল ঠিকই। কিন্তু কাউ মোক একখান শাড়ি দেয়নি। তোমরা মোক একখান শাড়ি দিয়া কী যে উপকার করিলেন, কহিবা পারছুনি।’
হরিপুর উপজেলার সদর ইউনিয়নের বসালগাঁও, মশানগাঁও ও সাতাহাজরা গ্রামের ৭৫ জন নারীকে শাড়ি, ৫০ জন পুরুষকে লুঙ্গি ও ১০০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার দেওয়া হয়।
ত্রাণ বিতরণের সময় হরিপুর ইউনিয়নের সংরক্ষিত নারী কাউন্সিলর রমনা বেগম, বহরমপুর টি ইসলাম উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবদুল জলিল, সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার সম্পাদক মোস্তাক আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমোহন ও নানকার চরে ঘরবাড়ি হারানো ১০০ পরিবারকে গতকাল ত্রাণসামগ্রী দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, পেঁয়াজ ও মরিচ। নানকার চরের ছালেহা বেগম বলেন, ‘খুব অভাব হাত। খালি তোমার এ গুইলা দিয়া কয়দিন খাবার পাম।’