সেই লাশটি কলাবাগান থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতির
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় অ্যাম্বুলেন্স থেকে ফেলে যাওয়া লাশটির পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন শেখ মো. মুনিম ফয়েজ (৪০)। ঢাকার কলাবাগান থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন তিনি।
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকার বর্ষা প্রেক্ষাগৃহের সামনে গত রোববার দুপুরে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স থেকে দুর্বৃত্তরা একটি লাশ ফেলে দ্রুত পালিয়ে যায়। লাশটির নাক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
নিহত মুনিম ফয়েজের ছোট ভাই শেখ ওয়ালিদ ফয়েজ জানান, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মুনিম ফয়েজের সঙ্গে তাঁর স্ত্রীর সর্বশেষ মুঠোফোনে কথা হয়। এ সময় তাঁর ভাই জানান, একটা প্রয়োজনে তিনি ধানমন্ডি থানায় যাচ্ছেন। তাঁর সঙ্গে দুজন লোকও আছেন। কিছুক্ষণ পরই বাসায় ফিরবেন। কিন্তু এরপর আর তিনি বাসায় ফেরেননি। রাত ১০টার দিকে তাঁর মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় রাতেই কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
শেখ ওয়ালিদ ফয়েজ জানান, পরের দিন পত্রিকায় গাজীপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে তাঁরা গাজীপুর সদর হাসপাতালের মর্গে ছুটে যান এবং লাশটি তাঁর বড় ভাইয়ের বলে শনাক্ত করেন। তিনি বলেন, তাঁর ভাইকে মেরে ফেলার মতো কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল বলে তাঁর জানা নেই।
জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও মুনিম ফয়েজকে হত্যা করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পথে সুযোগ বুঝে মহাসড়কের ওপর লাশটি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।
নিহত মুনিম ফয়েজের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়গুণী এলাকায়।