সেই লাশটি খোকনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার হওয়া যুবকের লাশটির পরিচয় মিলেছে। লাশটি ওই এলাকারই মো. খোকন সরকারের।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে খোকনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার যুবককে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন শরিফ আহম্মেদ ওরফে টেম্পু শরিফ, শরিফ রহমান ওরফে সুন্দরী শরিফ, মো. সোহাগ ও রেজাউল করিম ওরফে রাজু।
গতকাল বিকেলে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে গ্রেপ্তারকৃত রেজাউল জানান, খোকন ইয়াবা সেবন করতেন। নেশা করার কারণে সব সময় সবার সঙ্গে খারাপ আচরণ করতেন। ঘটনার দিন (২৮ মে) পোড়া কলোনির মুখে নির্মাণাধীন একটি ভবনে টেম্পু শরিফ, সুন্দরী শরিফ, সোহাগ, রাব্বী, আলী, বাবুল ড্রাইভার ও খোকন আড্ডা দিচ্ছিলেন। তাঁরা সবাই বন্ধু। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে খোকন ও টেম্পু শরিফের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খোকন তাঁর হাতে থাকা ছুরি দিয়ে টেম্পু শরিফকে মারতে উদ্যত হন। তখন সুন্দরী শরিফ ইট দিয়ে খোকনের মাথার পেছনে আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন খোকন। তখন অন্যরা আশপাশে রাখা ছুরি দিয়ে তাঁকে কোপাতে থাকেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর ভবনের এক কোনায় বস্তা, ইট ও ব্যানার চাপা দিয়ে রাখা হয় লাশ।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান বলেন, ঘটনার দুই দিন পর ৩০ মে লাশটি উদ্ধার করা হয়। তখন লাশটি ফজলে রাব্বীর বলে দাবি করেন তাঁর বাবা হেলাল মণ্ডল। কিন্তু খোকনের পরিবার কোনো দাবি নিয়ে পুলিশের কাছে আসেনি। ময়নাতদন্ত শেষে লাশটি হেলাল মণ্ডলের গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে দাফন করা হয়। মামলা করা হয় খুলশী থানায়। মামলার তদন্তভার ন্যস্ত করা হয় নগর গোয়েন্দা পুলিশের ওপর।
রাব্বীর লাশ না হলেও কেন তাঁর বাবা নিজের ছেলের লাশ বলে দাবি করেছেন, তা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত জানান, এ হত্যাকাণ্ডে রাব্বী অংশ নেওয়ায় তাঁর গ্রেপ্তার এড়াতে বিকৃত লাশকে নিজেদের সন্তানের বলে দাবি করেছেন স্বজনেরা। রাব্বীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা লাশটি খোকনের বললেও ডিএনএ পরীক্ষার পর বিষয়টি আরও নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।