সেই লাশের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় পড়ে থাকা সেই বৃদ্ধের লাশটি দাফন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম ও থানা-পুলিশের উদ্যোগে লাশটি দাফন করা হয়েছে।
জাকিরুল ইসলাম জানান, ওই ব্যক্তির কোনো পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়েছে।
এর আগে মৃত ব্যক্তির কোনো পরিচয় না পাওয়ায় লাশ নিয়ে বিপাকে পড়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে গতকাল শনিবার প্রথম আলোয় ‘লাশ নিয়ে বিপাকে পুলিশ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের (৭১) মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি নিজেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রশিদপুর গ্রামের আবু তাহের বলে দাবি করেন। তাঁর বাবার নাম মৃত মহির উদ্দিন বলেও জানিয়েছিলেন তিনি। তবে পুলিশ খোঁজ নিয়ে তাঁর দেওয়া তথ্যের কোনো সত্যতা না পাওয়ায় বিপাকে পড়ে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষও লাশ না রাখতে অনীহা প্রকাশ করে।
বাগমারা থানার ওসি আবু ওবায়দা খান জানান, বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানানোর পর তিনি লাশটি দাফন করার উদ্যোগ নেন। তিনি পুলিশের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুক্রবার রাতে লাশটি এনে প্রয়োজনীয় রীতিনীতি সম্পন্ন করেন। পরে রাতেই বাগমারা গ্রামে ফকিন্নী নদীর পাশে বৃদ্ধের মরদেহের দাফন করা হয়।