পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের গ্রামে হামলা, বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় গত দুই দিনে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন বনগ্রাম মধ্যপাড়ার জহুরুল ইসলাম (৩৭), আতাইকুলা ইউনিয়নের পদ্মবিলা গ্রামের খাজা হোসেন (৩৫) ও কুমিরগাড়ী গ্রামের দুলাল হোসেন (৩৬)।
এর মধ্যে জহুরুল ইসলামকে গত রোববার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জহুরুল গত সোমবার বিকেলে পাবনার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লায়লা শারমীনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি ঘটনার দিন ওই আপত্তিকর লিফলেট বিলির জন্য বিএনপির কর্মী খোকন হোসেনকে দায়ী করেছেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, খোকন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বাবা মতিউর রহমানও বিএনপির সমর্থক। চাচা মাহবুব মোর্শেদ সাঁথিয়া উপজেলা বিএনপির সভাপতি। ঘটনায় ক্ষতিগ্রস্ত বাবলু সাহা ও পুলিশের দায়ের করা মামলা দুটিতে তাঁকে প্রধান আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, গ্রেপ্তার হওয়া জহুরুল বনগ্রাম বাজারের একটি কম্পিউটার ও ফটোকপির দোকানে কাজ করেন। গ্রেপ্তারের পর সোমবার তাঁকে আদালতে হাজির করা হলে জহুরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আপত্তিকর সেই লিফলেটটি প্রিন্ট ও বিলির জন্য খোকন হোসেনকে দায়ী করেন। জবানবন্দিতে জহুরুল বলেন, খোকন তাঁর দোকানের কম্পিউটারে ব্যবহার করে ইন্টারনেট থেকে ওই লিফলেটটি প্রিন্ট করে বের করেন। পরে সেটি ফটোকপি করে বিলি করেন।
ওসি বলেন, ‘ঘটনার পর থেকেই আমরা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি। গ্রেপ্তারকৃত অন্য সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে জহুরুলের দোকানে ব্যবহূত কম্পিউটার সিপিওটি জব্দ করে পর্যবেক্ষণের জন্য পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, স্থানীয় ব্যবসায়ী বাবলু সাহার ছেলে রাজীব সাহা (১৫) ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেছে—এই গুজব ছড়িয়ে ২ নভেম্বর পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজার ও বনগ্রাম গ্রামে হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু বাড়ি ও মন্দিরে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনায় ক্ষতিগ্রস্ত বাবলু সাহা বাদী হয়ে একটি ও পুলিশ দুটি মামলা করে। এ নিয়ে তিনটি মামলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হলো।