সেই শাটল ট্রেন, সেই জারুলতলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৩৫ বছর পূর্তি অনুষ্ঠানে গান করেন শিল্পী সামিনা চৌধুরী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৩৫ বছর পূর্তি অনুষ্ঠানে গান করেন শিল্পী সামিনা চৌধুরী

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ঝুলন্ত সেতুর সামনে বন্ধুদের সঙ্গে সেলফি তুলছিলেন ১৮তম ব্যাচের তিনজন শিক্ষার্থী। সেলফি তোলা শেষে সেতুর পাশে গোল হয়ে বসে পড়া প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডায় যোগ দিলেন তাঁরা। ক্যাম্পাসের ফেলে আসা উচ্ছল দিনগুলো যেন উঁকি দিচ্ছিল তাঁদের আড্ডায়। শাটল ট্রেনের গান, ক্যাফেটেরিয়া কিংবা জারুলতলার মুহূর্তগুলো আবারও যেন ফিরে এল তাঁদের কাছে।
তাঁরা সবাই লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। বিভাগের ৩৫ বছর পূর্তি উপলক্ষে তাঁরা জড়ো হয়েছিলেন। ‘হৃদয়ের ক্যানভাসে লোকপ্রশাসন’ প্রতিপাদ্য নিয়ে ১২ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই উৎসব উদ্যাপিত হয়। উৎসবের মঞ্চ পাতা হয়েছিল শহীদ আবদুর রব হলের মাঠে। তবে প্রাক্তন শিক্ষার্থীরা কেবল সেখানেই বসে থাকেননি, বহুদিন পর ক্যাম্পাসে ফিরে কলাভবনের ঝুপড়ি, স্টেশন চত্বর, জরুলতলাসহ নানা জায়গায় আড্ডায় মেতে ওঠেন তাঁরা।
সমাজবিজ্ঞান অনুষদের ঝুলন্ত সেতুর পাশে আড্ডায় মশগুল ছিলেন প্রাক্তন শিক্ষার্থী শেখ মুনির। বর্তমানে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। আড্ডার এক ফাঁকে মুনির বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের দিনগুলোকে খুবই মিস করি। বিশেষ করে জারুলতলার আড্ডা, স্টেশনের মউর দোকানের চা আর শাটল ট্রেনের গানের আসর। আজ তাই বন্ধুরা একসঙ্গে শাটল ট্রেনে গান গাইতে গাইতে এসেছি। ট্রেন থেকে নেমেই মউর দোকানের চা খেয়েছি। বন্ধুরাসহ জারুলতলায় আড্ডা দিয়েছি। এরপর পুরো ক্যাম্পাস ঘুরে দেখেছি। সব মিলিয়ে খুবই ভালো লাগছে।’
বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও পটিয়ার একটি বিদ্যালয়ের শিক্ষিকা মেহেরুন্নেসা বলেন, ‘আমার মনে হচ্ছে ১৬ বছর আগে ফিরে গেছি। এত বছর পরও সবকিছু খুব আপন লাগছে। বিভাগের বর্তমান শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখেও খুবই ভালো লাগছে।’
বন্ধুদের নিয়ে স্টেশন চত্বরে ভাগিনার দোকানে চায়ের কাপে ঝড় তুলছিলেন ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা। তাঁদের একজন মঈনউদ্দিন হাসান। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তিনি বলেন, ‘প্রতিবছরই এ ধরনের অনুষ্ঠান হলে খুবই ভালো হয়। আজকের অনুষ্ঠানে আসতে পেরে মনে হচ্ছে ছাত্রজীবনে ফিরে গেছি। লোকপ্রশাসন বিভাগকে ধন্যবাদ এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য।’
শহীদ আবদুর রব হলে মাঠে অনুষ্ঠানের মঞ্চের পাশেই বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন ২২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। তাঁদের একজন আলমগীর জলিল। একটি সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে আমরা মুক্তবুদ্ধি চর্চাকেন্দ্রে পরিণত করতে লড়াই করেছিলাম। এখন ক্যাম্পাসে এসে খোলামেলা পরিবেশ দেখে মনে হচ্ছে আমাদের লড়াইটা সার্থক হয়েছে।’
অগ্রজদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন বর্তমান শিক্ষার্থীরাও। বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘বিভাগের বড় ভাইদের সঙ্গে আজ যেন একটা বন্ধন রচিত হলো। তাঁদের সাফল্য আমাদের উৎসাহিত করেছে। তাঁরাই আমাদের আগামীর পথচলার প্রেরণা।’
বিভাগের সহযোগী অধ্যাপক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী নিজেও লোকপ্রশাসনের ১৬তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তিনি বলেন, এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা কর্মজীবনে সাফল্য পেয়েছেন। তাঁরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ বিভাগ কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, গোটা দেশেরই গর্ব।