সেই শাল গাছগুলো কাটা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাকৃতিক বনের পাঁচ হাজার ৬৯৬টি শালগাছ কাটা শুরু হয়েছে।গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে সোমবার সকালে গিয়ে দেখা গেছে, মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে থাকা গাছগুলোর বেশির ভাগই কাটা হয়েছে। সেগুলো কেটে টুকরো করে নিয়ে যাচ্ছিলেন ঠিকাদারের লোকজন।রাজেন্দ্রপুরের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, উদ্যানে বেড়াতে আসা লোকজন গাছ কাটা দেখে ক্ষোভ প্রকাশ করছেন।বন বিভাগের ভাওয়াল রেঞ্জের বনরক্ষক (রেঞ্জার) মো. বজলুর রহমান ভূঁইয়া বলেন, সরকারের সিদ্ধান্তে সড়কের দুই পাশের ও মাঝের গাছগুলো বিক্রি করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান গাছ কাটাও শুরু করেছে।প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য গত বছরের ৩১ অক্টোবর মন্ত্রিসভা প্রাকৃতিক বনের পাঁচ হাজার ৬৯৬টি গাছ কাটার অনুমোদন দেয়। সভায় সিদ্ধান্ত হয়, গাছ কাটার বদলে সমসংখ্যক বা তার বেশি গাছ উপযোগী জায়গায় লাগাতে হবে।ওই সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন রাজেন্দ্রপুর এলাকা পরিদর্শন করেন পরিবেশ আন্দোলনের নেতা প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক জাকির হোসেন।ওই সময় সৈয়দ আবুল মকসুদ একসঙ্গে এতগুলো গাছ কাটার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা যোগাযোগব্যবস্থার উন্নতি চাই, তবে তা পরিবেশ ধ্বংস করে নয়।’ তিনি গাছ কাটার সিদ্ধান্ত বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করার কথা বলেন, যাতে যথাসম্ভব কম গাছ কেটে ওই রাস্তা চার লেনে উন্নীত করা যায়।খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুরের ভাওয়াল রেঞ্জের বাউপাড়া বিট, জাতীয় উদ্যান পার্ক বিট ও রাজেন্দ্রপুর রেঞ্জের দুটি বিটের ওই সব গাছ কাটা হবে। মন্ত্রিসভার সিদ্ধান্তের আগেই বন বিভাগ ওই এলাকার প্রায় ৩০ কিলোমিটারজুড়ে পাঁচ হাজার ৬৯৬টি গাছ চিহ্নিত করে। গাছ কাটার জন্য মো. হুমায়ুন, মিজানুর রহমান, গিয়াস উদ্দিন, মো. কাদের ও মহিউদ্দিন নামের চারজন ঠিকাদার নিয়োগ করেন তাঁরা।বন বিভাগ ঠিকাদারদের কাছে একেকটি গুচ্ছ (২৫ থেকে ৩০টি গাছ) এক লাখ থেকে এক লাখ ৩৩ হাজার টাকায় বিক্রি করেছে।