সেই শিক্ষক বরখাস্ত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌর এলাকার আবু ওবাইদা (র.) নুরানী একাডেমির সেই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে নির্দয়ভাবে পেটানোর সত্যতা পাওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়।একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা মো. ইলিয়াছ গতকাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে শিক্ষক তাজুল ইসলামের বরখাস্তের কথা জানান।মাওলানা মো. ইলিয়াছ বলেন, একাডেমিতে শিক্ষার্থী পেটানোর কোনো নিয়ম নেই। তার পরও প্রথম শ্রেণীর শিক্ষার্থী ইজমা আকতারকে কেন পেটানো হলো, এ নিয়ে তাজুল ইসলামের কাছে কৈফিয়ত চাওয়া হয়। পড়া শিখে না আসায় গাছের ডাল দিয়ে পেটানোর কথা স্বীকার করায় তাঁকে বরখাস্ত করা হয়।শিক্ষার্থীর বাবা ইউসুফ জানান, তাঁর মেয়ে ১১ জুন শ্রেণীকক্ষে তৃতীয় ঘণ্টার পাঠদান শুরুর আগে পানি খেতে বেরোয়। সেখান থেকে ফিরে আসার পর ওই শিক্ষক শ্রেণীকক্ষ থেকে বেরোনোর দায়ে ইজমাকে বেত দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা বলেন, শিক্ষার্থী পেটানোর ঘটনায় তাজুল ইসলাম ও প্রধান শিক্ষককে তলব করা হয়। প্রধান শিক্ষককে এসে তাজুল ইসলামকে বরখাস্তের কথা জানান। বরখাস্তের নথিপত্র শিক্ষা কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।