সেই শিক্ষক ভয়ে বিদ্যালয়ে যাওয়া ছেড়ে দিয়েছেন!
রংপুরের কাউনিয়া উপজেলার মোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ের সেই শিক্ষক শাহনাজ খানম ভয়ে বিদ্যালয়ে যাওয়া ছেড়ে দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নুমেরী জামান গত ৮ মে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে তদন্তের দায়িত্ব দেন। অন্যদিকে জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সোবহানকে প্রধান করে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম গত শনিবার বলেন, ‘তদন্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের অনেকটাই সত্যতা মিলেছে।’ শাহনাজ খানম বলেন, ‘বিদ্যালয়ে যেতে ভয় হয়। উনি (প্রধান শিক্ষক) খারাপ মানুষ।’ গত ৬ এপ্রিল শিক্ষক শাহনাজ খানম তাঁর ছয় বছরের শারীরিক প্রতিবন্ধী ছেলেকে ক্লাসের ফাঁকে খাওয়ানোর উদ্যোগ নিলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী তাঁকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এতে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।