সেই শিক্ষক সাময়িক বরখাস্ত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলামনবী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিনকে বিএডের জাল সনদ দিয়ে চাকরি গ্রহণসহ নানা দুর্নীতির অভিযোগে গতকাল মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে তাঁকে বরখাস্ত করা হয়। উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ জানায়, গাজীপুর-১ আসনের সাংসদ ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি আ ক ম মোজামেঞ্চল হক স্বাক্ষরিত চিঠিতে আলকাছ উদ্দিনকে প্রধান শিক্ষকের পদ থেকে বরখাস্ত করা হয়। চিঠিতে জানানো হয়, অর্থ আত্মসাৎ, ছাত্রদের মারধর, প্রশাসনিক অদক্ষতা এবং বিএড সনদ জাল হওয়ার অভিযোগে বেসরকারি স্কুল শিক্ষক প্রবিধান ১৯৭৯ মোতাবেক প্রধান শিক্ষক আলকাছ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হলো। আলকাছ উদ্দিন ২০১০ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের আট লক্ষাধিক টাকা আত্মসাৎসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে।বিদ্যালয় পর্ষদের সভাপতি ও সাংসদ মোজামেঞ্চল হক বলেন, আলকাছ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাঁকে কেন স্থায়ী বরখাস্ত করা হবে না, তার কারণ দর্শাতে বলা হয়েছে। গতকাল থেকে বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষক মো. মইছের আলীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ফজলুল হক জানান, ওই বিদ্যালয় পর্ষদ তাঁর কাছে প্রধান শিক্ষক আলকাছ উদ্দিনের শিক্ষা সনদগুলো পাঠায়। পরীক্ষায় ওই ব্যক্তির বিএড সনদ নকল প্রমাণিত হয়েছে। এদিকে আলকাছ উদ্দিন দাবি করেন, তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, ‘আমি দুই বছর ধরে এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। এত দিন পরে বলা হচ্ছে, আমার সনদ জাল। তাহলে আমি এত দিন কীভাবে চাকরি করলাম?উল্লেখ্য, গত বছর প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন কয়েকজন ছাত্রকে পিটিয়ে আহত করেন। এ নিয়ে প্রথম আলোতে ‘শিক্ষকের বেত্রাঘাতে চার ছাত্র হাসপাতালে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর তাঁকে ছাত্রদের গায়ে হাত তোলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।