সেই শিক্ষককে নিয়ে নগরে বৃক্ষরোপণ করবে সিটি করপোরেশন
শিক্ষক মো. সামছুল ইসলামের সাহায্য নিয়ে এবার নগরের বিভিন্ন উন্মুক্ত ও ফাঁকা স্থানে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি করপোরেশন। গতকাল সোমবার দুপুরে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রথম আলোকে এ তথ্য জানানো হয়।
গত শুক্রবার ওই শিক্ষককে নিয়ে প্রথম আলোর মহানগর পাতায় ‘পেশা শিক্ষকতা, নেশা বৃক্ষরোপণ’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সিটি করপোরেশনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
সিটি করপোরেশনের প্রশাসনিক শাখা জানিয়েছে, প্রথম আলোতে শিক্ষক মো. সামছুল আলমের স্বতঃপ্রণোদিত বৃক্ষরোপণের বিষয়টি অবহিত হয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। এরপর গত রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিটি করপোরেশনে ওই শিক্ষকের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাহী কর্মকর্তা। বৈঠকে ওই শিক্ষকের পরামর্শ অনুযায়ী নগরের উন্মুক্ত স্থানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল দুপুরে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, নগরের হুমায়ুন রশীদ চত্বর, নজরুল চত্বর, মুক্তিযোদ্ধা চত্বর, সোবহানীঘাট-উপশহর সড়ক বিভাজকসহ বিভিন্ন উন্মুক্ত ও ফাঁকা স্থানে ওই শিক্ষকের পরামর্শ অনুযায়ী বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ওই শিক্ষক স্থানগুলো পরিদর্শন করে সেখানে কোন প্রজাতির গাছ লাগানো যাবে, এ নিয়ে একটি প্রতিবেদন জমা দেবেন। এরপর েসব স্থানে গাছের চারা রোপণ করা হবে।
শিক্ষক মো. সামছুল আলম বলেন, ‘সিটি করপোরেশন কর্তৃপক্ষের এমন বৃক্ষপ্রেম আমাকে মুগ্ধ করেছে। এই নগরটিকে সবুজ-শ্যামলময় করে তুলতে এ রকম বৃক্ষরোপণ কর্মসূচি একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। টানা কয়েক দিন পুরো নগর ঘুরে আমি উন্মুক্ত স্থানগুলো নির্ধারণ করে সেখানে বৃক্ষরোপণের সুপারিশ করব।’