সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার করমজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুব রায়হানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. বদরুজ্জেহা তাঁকে সাময়িক বরখাস্ত করেন। এ-সংক্রান্ত একটি আদেশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও) নাদিরুজ্জামান গতকাল বুধবার বলেন, ‘শিক্ষক মাহবুব রায়হানের সাময়িক বরখাস্তের আদেশটি আজই হাতে পেয়েছি। মাহবুবকে গ্রেপ্তারের দিন থেকেই আদেশ কার্যকর করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ১৬৪ ধারায় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মাহবুব রায়হান তাঁর সম্পৃক্ততা ও সহযোগীদের নাম বলেছেন। প্রশ্নপত্র ফাঁসের মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একজন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের নৈশপ্রহরী।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মাহবুব নিয়মিত বিদ্যালয়ে আসতেন না। তিনি বিদ্যালয়ে একজন ভাড়াটে শিক্ষক রেখেছিলেন। মাঝে মাঝে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করতেন। জয়পুরহাটে শিক্ষক নিয়োগ পরীক্ষার তিন দিন আগে থেকে তিনি ছুটিতে ছিলেন।