কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমী আক্তারকে শারীরিক নির্যাতনকারী সহকারী শিক্ষক শেখ জারদীশ আহম্মেদের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) স্থগিত করা হয়েছে। তাঁকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সাময়িক বরখাস্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবগত করতে বিদ্যালয় পরিচালনা কমিটিকে (এসএমসি) নির্দেশ দেওয়া হয়েছে।প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যথাসময়ে ব্যবস্থা গ্রহণ না করায় তাঁর বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য কমিটিতে বলা হয়েছে। এ ধরনের নির্যাতনের ঘটনার বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটিকে সতর্ক করা হয়েছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সুমী আক্তারের নির্যাতনের খবর পেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এক দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। মহাপরিচালক নোমান-উর রশীদ গতকাল বেলা তিনটায় শিক্ষামন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।