সেই শিক্ষকের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে মানববন্ধন
আলমডাঙ্গা উপজেলার পারলক্ষ্মীপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের জামিন বাতিল ও তাঁর ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন পালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা মানবতা গতকাল সোমবার সকাল ১০টায় শহরের একাডেমি মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন অধ্যক্ষ এস এম ইস্রাফিল, চুয়াডাঙ্গা জেলা মানবাধিকার ও পর্যবেক্ষণ সেলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি শহিদুলহ হক বিশ্বাস, মানবতার নির্বাহী পরিচালক মানি খন্দকার ও সভানেত্রী মনিরা ইউসুফ। মানববন্ধনে শিক্ষক-ছাত্র, এনজিও প্রতিনিধি ও আইনজীবীরা অংশগ্রহণ করেন। গত বছরের ২ অক্টোবর পারলক্ষ্মীপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। মামলার দিনই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত চলাকালেই আসামি শর্তসাপেক্ষে আদালত থেকে জামিনে মুক্তিলাভ করেন। তদন্ত শেষে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম সম্প্রতি ইসমাইল হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ১০ মার্চ রাতে ধর্ষণের শিকার ওই ছাত্রী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একটি কন্যাসন্তান প্রসব করেছে। এ ব্যাপারে ১৪ মার্চ প্রথম আলোয় ‘নবজাতক কোলে শিশুটির দাবি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।