সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্রীদের যৌন হয়রানির ঘটনায় একজন শিক্ষক ও একজন কর্মকর্তা এবং এক কর্মচারীকে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গত মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তি যথাযথ হয়নি অভিযোগ করে তাঁকে বরখাস্তের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার থেকে লাগাতার ছাত্র ধর্মঘটের হুমকি দিয়েছেন তাঁরা।
মঙ্গলবার রাতে সিন্ডিকেটের জরুরি সভায় কর্মচারী সালেহ আহমদকে বরখাস্ত, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানকে পদাবনতি ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনকে এক বছরের জন্য সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু সভার সিদ্ধান্ত না জানিয়েই উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যরা বের হয়ে যান। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। রাত ১১টার দিকে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, প্রক্টর হিমাদ্রী শেখর রায়সহ প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। রেজিস্ট্রার সিন্ডিকেটের সিদ্ধান্ত শিক্ষার্থীদের জানান। শিক্ষার্থীরা গতকাল দুপুর ১২টার দিকে সহকারী অধ্যাপক নাসির উদ্দিনের বরখাস্তের দাবিতে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন।