সেই শিক্ষকের বাড়িতে গিয়ে মামলা নিল পুলিশ
রাজশাহীর বাঘায় একটি বিদ্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে পেটানো হলেও তাঁরা ভয়ে মামলা করতে পারেননি। গতকাল শুক্রবার এ বিষয়ে পত্রিকায় খবর ছাপা হলে পুলিশ শিক্ষকের বাড়িতে গিয়ে মামলা নিয়েছে।
মামলায় বাঘা উপজেলা যুবলীগের দুই নেতাসহ পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। দুই নেতা হচ্ছেন পিন্টু ও সুলতান। বর্তমানে আহ্বায়ক কমিটি থাকার কারণে তাঁদের কোনো পদ নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনিগ্রাম উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ৯ সেপ্টেম্বর দুপুরে বাঘা উপজেলা পরিষদের সামনে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মনোয়ার হোসেন ও সহকারী শিক্ষক শাহাদত আলীকে পেটানো হয়। পুলিশের সহায়তায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও ভয়ে তাঁরা থানায় মামলা করতে যাননি।
এই ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার অপরাধীদের শাস্তির দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়সংলগ্ন রাস্তায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ ব্যাপারে গতকাল প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর গতকাল দুপুরে প্রধান শিক্ষক মনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে বাঘা থানার পুলিশ মামলা নেয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।