নেত্রকোনার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার হোসেনের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আমিনুল ইসলামের ওপর নির্মম নির্যাতন চালানোর ঘটনার তদন্ত শুরু হয়েছে।তবে বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন মহলে তদবিরের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকের পক্ষে সাফাই গেয়ে এ নির্মম আচরণকে ‘শাসন’ আখ্যা দিয়ে লিখিতভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে।সূত্র জানায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল আজিজ এ ঘটনায় শিক্ষক জুলফিকার হোসেনের লিখিত জবাবের বিষয়ে ১৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠিয়েছেন। এতে তিনি ওই শিক্ষকের পক্ষে সাফাই গেয়ে এ নির্মম আচরণকে ‘শাসন’ বলে উল্লেখ করেছেন।এদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরের নির্দেশে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম ভূঁইয়াও ঘটনাটি তদন্তের জন্য ওই শিক্ষার্থীর বাড়িতে গেছেন। এ সময় নির্যাতিত আমিনুলের অভিভাবকেরা শিক্ষকের নির্যাতনে ছিঁড়ে যাওয়া জামাটি দেখিয়ে এ ঘটনার জন্য দায়ী শিক্ষক জুলফিকার হোসেনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, আমিনুলের ওপর শিক্ষক জুলফিকার হোসেনের নির্মম আচরণের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।