সেই শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানের মুক্তির দাবিতে গত রোববার ওই বিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে।একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওই বিদ্যালয়ের যেসব ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেছিল, তারা তা প্রত্যাহার করার জন্য প্রধান শিক্ষকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছে। এ ব্যাপারে ওই ছাত্রীদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।মিজানুর রহমানের মুক্তির দাবিতে গত শনিবার সন্ধ্যায় গলাচিপা শহরে মাইকিং করে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন করার আহ্বান জানানো হয়। তবে ওই বিদ্যালয়ের কর্তৃপক্ষ দাবি করে, তারা ওই কর্মসূচি ঘোষণা করেনি এবং এসবের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না।গত ২৬ জুলাই উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী মিজানুর রহমানের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ করে। অভিযোগের অনুলিপি ইউএনওকে দেওয়া হয়। পরে ইউএনওর নির্দেশে গলাচিপা থানার পুলিশ মিজানুর রহমানকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠায়। ২৭ জুলাই বিদ্যালয় পরিচালনা পর্ষদ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে। এ নিয়ে ৩১ জুলাই প্রথম আলোতে ‘যৌন হয়রানির অভিযোগ, গলাচিপার সেই শিক্ষক বরখাস্ত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।