সেই শিক্ষকের মৃত্যু
বরগুনার আমতলী উপজেলায় হাত-পা বিচ্ছিন্ন করে দেওয়া শিক্ষক শহিদুল ইসলাম (৪৫) মারা গেছেন। গত মঙ্গলবার রাতে সংকটাপন্ন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে আমতলী উপজেলার তালুকদারহাট এলাকায় মোটরসাইকেল থেকে নামিয়ে সন্ত্রাসীরা কুপিয়ে শহিদুলের বাঁ হাত ও পা বিচ্ছিন্ন করে ফেলে এবং ডান হাত-পা কুপিয়ে গুরুতর জখম করে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় শহিদুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাঁর অবস্থার আরও অবনতি হয়। পরে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। সড়কপথে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
গতকাল সরেজমিনে জানা যায়, আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের খালেক হাওলাদার ও তাঁর চাচাতো ভাই আনোয়ার হাওলাদারের মধ্যে পৈতৃক ৩৪ একর জমি নিয়ে ১০ বছর ধরে বিরোধ চলছে। এই বিরোধকে কেন্দ্র করে দুই পরিবার গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী। এক পক্ষের নেতৃত্ব দেন খালেক হাওলাদারের ছেলে মাদ্রাসাশিক্ষক শহিদুল ইসলাম ও অপর পক্ষের নেতৃত্বে আছেন আনোয়ার হাওলাদারের শ্যালক মো. সানু খান।