সেই শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় কালামৃধা গোবিন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর মাতুব্বরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সহকর্মীর স্ত্রীর গোসলের দৃশ্য ধারণের ঘটনায় করা মামলায় তিনি এখন জেলহাজতে আছেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কালামৃধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফকির মনসুর আহমেদ, অভিভাবক আতাউর রহমান, শিক্ষক শাওন হাওলাদার ও কয়েকজন শিক্ষার্থী।
মানববন্ধন শেষে প্রতিবাদকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। তাঁরা জেলা প্রশাসকের কাছে একই দাবিতে স্মারকলিপি দেন। জেলা প্রশাসক সরদার সরাফত আলী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
অভিযোগ ওঠে, ২ মে বিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রীর গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন প্রধান শিক্ষক আলমগীর মাতুব্বর।
এ ঘটনা জানাজানি হলে ৪ মে শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ করে প্রধান শিক্ষককে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে।
ওই রাতেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি আলমগীর মাতুব্বরকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করে।