সেই শিক্ষা কর্মকর্তাকে দািয়ত্ব থেকে প্রত্যাহার
খাগড়াছড়ির জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দারের মেয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তরপত্র জালিয়াতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতাসহ ২৬ জন শিক্ষককে গালাগাল করার ঘটনার সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে৷
দুর্নীতি দমন কমিশনের রাঙামাটি আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন ১১ মে থেকে তদন্ত করে ৩০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।
চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (উপপরিচালক) মাহাবুবুর রহমান বিল্লাহ বলেন, ‘আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষকদের সঙ্গে কথা বলে মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিয়ে দিয়েছি। তদন্তে সত্যতা পাওয়া গেছে।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে দুটি তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর ১৫ মে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দারকে দািয়ত্ব থেকে প্রত্যাহার করে কেন্দ্রীয় কার্যালয়ে সংযুক্তির আদেশ দিয়েছে। ২৫ মের মধ্যে তাঁকে কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গত বছরের ১৮ ডিসেম্বর প্রথম আলোয় ‘শিক্ষা কর্মকর্তার মেয়ে নম্বর কম পাওয়ায়...’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।