সেই শিক্ষার্থীদের টাকা ফেরত দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার টনকী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকের কাছে উপবৃত্তির প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে এই টাকা বুঝিয়ে দেওয়া হয়।
গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়টির অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ করেন।
জানা গেছে, ইউনিয়ন পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাসে অন্তত ২২ দিন উপস্থিত থাকলে শিক্ষার্থীদের মাসে ১০০ টাকা করে উপবৃত্তি দেওয়া হয়। উপস্থিতি কম হলে নির্দিষ্ট হারে টাকা কম দেওয়ার নিয়ম।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, গত এক বছরে শর্ত পূরণকারী শিক্ষার্থীদের অধিকাংশকে ৫০০ থেকে ৬০০ টাকা করে দেওয়া হয়। অথচ তাদের পাওয়ার কথা ছিল ১ হাজার ২০০ টাকা করে। এ বিষয়ে গতকাল বুধবার প্রথম আলোয় ‘উপবৃত্তির টাকা কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।