সেই শিশু খুনের ঘটনায় বাবা গ্রেপ্তার
নীলফামারীতে ছয় বছরের শিশু মিলন খুনের ঘটনায় গতকাল শনিবার পুলিশ মিলনের বাবা মোমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান বলেন, ‘মোমিনুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার আটক করা হলে তিনি নিজেই মিলনকে হত্যা করেছেন বলে ১৬১ ধারায় পুলিশের কাছে স্বীকার করেছেন। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।’ মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গত মঙ্গলবার গভীর রাতে জেলা সদরের সংগলসী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মোমিনুর রহমানের ছেলে মিলন খুন হয়। এ ঘটনায় নিহত মিলনের দাদা বয়েজ উদ্দিন বাদী হয়ে বুধবার রাতে সদর থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আসামিরা হলেন: মিলনের মা ফরিদা বেগম (৩৫), ফরিদার দ্বিতীয় স্বামী রেজাউল ইসলাম (৩০), রেজাউলের বাবা খোকা মামুদ (৬৫) ও মা ফতে বেগম (৫৫) এবং অজ্ঞাত আরেকজন। বৃহস্পতিবার আসামি খোকা মামুদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।নীলফামারীর পুলিশ সুপার আলমগীর রহমান বলেন, ‘স্ত্রীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশে মোমিনুর নিজ সন্তানকে খুন করেছেন বলে গতকাল আদালতে জবানবন্দি দিয়েছেন।’