সেই শিশু সনুর ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু
আলোচিত শিশু সনুকে দেশে ফেরত পাঠানোর অংশ হিসেবে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়। ভারতের নয়াদিল্লি থেকে ছয় বছর আগে পাচার হয়ে বাংলাদেশে আসে ১১ বছরের এই শিশু।
সনুর রক্ত সংগ্রহের জন্য ভারতীয় দূতাবাসের তিনজন কর্মকর্তা গতকাল দুপুরে কিশোর উন্নয়ন কেন্দ্রে যান। তাঁদের একজন হলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রমা কান্ত গুপ্ত। চিত্তরঞ্জন বহেরা ও ভেব প্রকাশ গ্রোডার নামে অপর দুজন দূতাবাসের কর্মকর্তা। তাঁরা সনুর রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে কেন্দ্রের সহকারী পরিচালক মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, নিরাপত্তা হেফাজতে থাকা নয়াদিল্লির শিশু সনুর রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর সেগুলো নিয়ে তার মা-বাবার রক্তের সঙ্গে মেলানো হবে। পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বরগুনার আদালতে পাঠানো হবে। সবকিছু মিলে গেলে আদালতের রায়ের ভিত্তিতে ভারতীয় দূতাবাসের মাধ্যমে সনুকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হবে।
মো. শাহাবুদ্দিন বলেন, ছয় মাস আগে বরগুনার একটি আদালতের মাধ্যমে সনুকে নিরাপত্তা হেফাজতের জন্য যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এখানে আসার পর সনুর পরিবারের খোঁজ করা শুরু হয়। পরে জানা যায়, তার মা-বাবা দিল্লিতে থাকেন। দূতাবাসের মাধ্যমে দিল্লিতে সনুর মা-বাবাকে পাওয়া যায়। উল্লেখ্য, ২০১০ সালে দিল্লি থেকে নিখোঁজ হয় সনু নামের শিশুটি।