সেই শিশুটি হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার সেই শিশুটি অসুস্থ হয়ে পড়েছে। আশঙ্কাজনক অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মা জানান, কিছু দিন ধরে তাঁর মেয়ের ঠিকমতো খানাপিনা নেই। সারাক্ষণ শুধু কান্নাকাটি করে। রাতে ঘুমায় না। হাত-পা জ্বালাপোড়া করে। তিনি বলেন, ‘মেয়েটিকে নিয়ে থানায়, আদালতে ও হাসপাতালে দৌড়াদৌড়ি করতে করতে আমরাও অসুস্থ হয়ে পড়েছি।’ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ জানান, শিশুটি মানসিকভাবে অসুস্থ। বয়স কম হওয়ায় তার নানা শারীরিক সমস্যা হচ্ছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সিরাজুল ইসলাম ও একজন গাইনি চিকিৎসকের তত্ত্বাবধানে সে চিকিৎসাধীন। মামলা সূত্রে জানা যায়, হাজীগঞ্জের কালচো (উত্তর) ইউনিয়নের কাপাইকাপ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর এই ছাত্রী গত বছরের ৩ আগস্ট প্রাইভেট পড়তে গেলে মাদ্রাসার আরবি শিক্ষক আবদুল জলিল তাকে ধর্ষণ করেন। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে জানা যায়। এ ঘটনায় গত ৫ জানুয়ারি মেয়েটির বাবা চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এ মামলা করেন। পুলিশ এ মামলায় মঙ্গলবার শিক্ষক আবদুল জলিলসহ আরও দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের একজন মাদ্রাসার গণিত বিষয়ের শিক্ষক আবুল খায়ের ও অন্যজন কম্পিউটার শিক্ষক কাউছার আহম্মেদ।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গতকাল প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া তিন মাদ্রাসা শিক্ষক জেলহাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার এজাহারে বলা হয়েছে, শিশুটির বাবা ধর্ষণের বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাইকে জানালে তিনি ৬ জানুয়ারি মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে বৈঠক করে দুই লাখ টাকা কাবিনে জলিলের সঙ্গে শিশুটির বিয়ের সিদ্ধান্ত দেন। শিশুটির বয়স ১১ বছর তিন মাস।জানা যায়, ওই মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই গতকালও মাদ্রাসায় যাননি। একাধিক শিক্ষক জানান, তিনি জামিন নেওয়ার জন্য আদালতে চেষ্টা করছেন।