সেই শিশুটির নাম রাখা হলো পরী, দায়িত্ব নিল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদীতে ট্রলারে ভেসে আসা দেড় মাস বয়সী কন্যাশিশুটির দায়িত্ব নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার নাম রাখা হয়েছে ‘পরী’।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের একটি দল গত মঙ্গলবার রাতে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে টহল দেওয়ার সময় কান্নার আওয়াজ শুনে শিশুটিকে উদ্ধার করে। পরে তার ঠাঁই মেলে শাহপরীর দ্বীপের ঘোলাপাড়ার বাসিন্দা কবির আহমদের স্ত্রী মোস্তফা বেগমের কাছে। মোস্তফা বেগম তখন বলেন, ‘আমি নিজ সন্তানের মতোই তাকে বড় করব।’বিজিবি সূত্র জানায়, মিয়ানমারে জাতিগত সহিংসতার কারণে যখন রোহিঙ্গা মুসলমানেরা এ দেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল, তখন নাফ নদীসহ পুরো সীমান্ত এলাকায় বিজিবি ও কোস্টগার্ড টহল জোরদার করে। সে সময় নাফ নদী থেকে ভাসমান শিশুটিকে বিজিবি উদ্ধার করে। পরে ওই গৃহবধূর কাছে আশ্রয় পায়। বিজিবির মহাপরিচালক আনোয়ার হোসেন শিশুটিকে বিজিবির সন্তান হিসেবে গ্রহণ করে তার ভরণপোষণ, লেখাপড়াসহ যাবতীয় দায়িত্বভার নেওয়ার কথা জানান।টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ আতাউর রহমান বলেন, পরী শারীরিকভাবে দুর্বল। সে পুষ্টিহীনতা ও সর্দি-কাশিতে ভুগছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ প্রসঙ্গে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, আজ (সোমবার) থেকে পরী বিজিবির সন্তান। তার যাবতীয় খরচ বিজিবি বহন করবে।