সেই শিশুটির যন্ত্রণার চির অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে একই সমস্যায় দুবার অস্ত্রোপচার করার পরও যন্ত্রণায় ছটফট করছিল শিশুটি। এ নিয়ে তদন্ত কমিটি হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয়। কিন্তু শেষ রক্ষা হলো না। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে শিশুটি মারা যায়।

শিশুটির বাড়ি রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায়। গত ১৯ মে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই কন্যাশিশুটির জন্ম হয়। পায়ুপথ না থাকায় অস্ত্রোপচার করা হয়েছিল নবজাতকটির। কিন্তু সেই অস্ত্রোপচার সফল না হওয়ায় দ্বিতীয় দফা অস্ত্রোপচারের সময় গরম সেঁক দিতে গিয়ে তার শরীরই পুড়ে ফেলেন চিকিৎসকেরা। পোড়া শরীর নিয়ে শিশুটি যন্ত্রণায় ছটফট করছিল। এর ফাঁকে পোড়া ক্ষতস্থানের চিকিৎসার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে পায়ুপথের চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এরপর শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয় রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল।

শিশুটির অস্ত্রোপচার করেছিলেন রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোজাম্মেল হক। তিনি প্রথম আলোকে বলেন, শিশুটির চিকিৎসা চলছিল। নতুন করে কোনো অস্ত্রোপচার করা হয়নি। একটু উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল। বাড়িতে নিয়ে যাওয়ার পরও শিশুটির জ্বর যাচ্ছিল না। শ্বাসকষ্ট হচ্ছিল। এ কারণে গতকাল বুধবার আবার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি রাত তিনটার দিকে মারা যায়।

ওই শিশুটির বাবা মিজানুর রহমান জানান, হাসপাতাল চিকিৎসার দায়িত্ব নেওয়ার পর একটু উন্নতি হয়েছিল। এক সপ্তাহ আগে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল। গতকাল বুধবার আবার সমস্যা দেখা দেয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আবার ভর্তির পরামর্শ দেন। রাত তিনটার দিকে বাচ্চা মারা যায়।

গত ৮ আগস্ট প্রথম আলোর মহানগর পাতায় ‘যন্ত্রণায় ছটফট করছে শিশুটি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় ১২ আগস্ট রাজশাহী সিভিল সার্জনের কার্যালয় থেকে ডেপুটি সিভিল সার্জন ফারহানা হককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে।

এ বিষয়ে (১৩ আগস্ট) প্রথম আলোয় ‘যন্ত্রণায় ছটফট করছে শিশুটি/ঘটনার তদন্তে কমিটি গঠন’ শিরোনামে আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর শিশুটির বাবা চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করার প্রস্তুতি নেন। কিন্তু ১৪ আগস্ট হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসার সব দায়িত্বভার গ্রহণ করলে পরের দিন ১৫ আগস্ট প্রথম আলোতে ছাপা হয় ‘শিশুটির দায়িত্ব নিল হাসপাতাল কর্তৃপক্ষ’।

হাসপাতালের উপপরিচালক আল মামুন অর রশিদ প্রথম আলোকে বলেছিলেন, রাজশাহীতে সম্ভব না হলে প্রয়োজনে তাঁরা শিশুটিকে ঢাকায় নিয়ে গিয়ে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করবেন। এ জন্য শিশুটির পরিবারের পক্ষ থেকে টাকাপয়সা নেওয়া হবে না। এ আশ্বাস পেয়ে শিশুটির বাবা আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত প্রত্যাহার করেন।

আরও  পড়ুন..