সেই শিশুটির 'স্বজনের' সন্ধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় মাকে হারিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সেই শিশুটির ‘স্বজনের’ দেখা মিলেছে। ঘটনার নয় দিন পর গতকাল রোববার কয়েক ব্যক্তি নিজেদের শিশুটির ‘স্বজন’ হিসেবে দাবি করেছেন।
বেলা ১১টার দিকে আবদুর রশিদ (৪২) নামের এক ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষ ও হাইওয়ে পুলিশের কাছে নিজেকে শিশুটির দাদা হিসেবে দাবি করেন। দাবির সমর্থনে তিনি শিশুটির মা-বাবার বিয়ের ছবি, জাতীয় পরিচয়পত্রসহ বেশ কিছু তথ্য-প্রমাণ জমা দিয়েছেন। এরপর বিকেল পাঁচটার দিকে হাসপাতালে গিয়ে নিজেদের শিশুটির বাবা, নানা-নানি ও দাদি হিসেবে দাবি করেন কয়েকজন নারী-পুরুষ। শিশুটিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এ সময় শিশুটি শান্ত ছিল।
দাদা হিসেবে দাবি করা আবদুর রশিদ পেশায় ভিক্ষুক। তিনি বলেন, শিশুটির নাম মোরশেদা খাতুন ওরফে শিখা। বয়স এক বছর ১০ মাস। সড়ক দুর্ঘটনায় নিহত শিখার মায়ের নাম মুন্নী বেগম (২৪)। আর শিখার বাবার নাম গোলাম মোস্তফা (২৫)। তিনি পেশায় ভ্যানচালক। তাঁদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের বেড়া মালঞ্চ গ্রামে। তিনি জানান, ৫ জুলাই স্বামী-স্ত্রীর মনমালিন্যের জের ধরে বাবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে মেয়েকে নিয়ে রওনা হন মুন্নী। তিনি কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বের হন। এর পর থেকে মা-মেয়ের সন্ধান মিলছিল না। গত শনিবার এক প্রতিবেশীর জানাজায় অংশ নিতে গিয়ে শিশুটির বিষয়ে আলোচনা শোনেন তিনি। পরে পত্রিকায় শিশুটির ছবিও দেখেন। এর ভিত্তিতে বগুড়ার মেডিকেল কলেজ হাসপাতালে নাতনিকে শনাক্ত করতে ছুটে আসেন।
হাইওয়ে পুলিশের পশ্চিমাঞ্চলের (বগুড়া) পুলিশ সুপার মো. ইসরাইল হাওলাদার বলেন, আবদুর রশিদের দেওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই চলছে। তদন্ত করে নিশ্চিত হলে শিশুটিকে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হবে। তা না হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার উদ্যোগ নেওয়া হবে।