সেই শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসার শিকার শিশু রুনা আক্তার (৬) মারা গেছে। দীর্ঘদিন যন্ত্রণায় ভোগে গত বুধবার রাতে সে নিজ বাড়িতে মারা যায়। রুনা উপজেলার খাজানগর গ্রামের রিকশাচালক জাকির হোসেনের মেয়ে। সে স্থানীয় করিমশাহ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। এলাকার অনেকে জানান, প্রায় এক বছর আগে বাড়িতে পা পিছলে পড়ে রুনার বাঁ পা ভেঙে যায়। পরে চিকিৎসার জন্য রুনাকে উপজেলার উত্তর দাররা গ্রামের কথিত হাড়ভাঙা চিকিৎসক মনির হোসেনের কাছে নিয়ে যান জাকির। তখন মনির চার হাজার টাকার বিনিময়ে রুনার ভাঙা পায়ে ‘প্লাস্টার’ করে কিছু ওষুধ লিখে দেন। কিন্তু দেড় মাস পর প্লাস্টার খুলতে গিয়ে দেখা যায়, পা মারাত্মকভাবে ফুলে সেখানে পচন ধরেছে। এ নিয়ে গত ২৪ জুলাই প্রথম আলোয় ‘অপচিকিৎসায় পা হারাতে বসেছে শিশুটি’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। জাকির গতকাল দুপুরে বলেন, ‘আপনের পেপারে আমার মাইয়ার ছবি দিয়া রিপুট (প্রতিবেদন) করার কয়েক দিন পর, মনির সাবেরের লোকজন আমারে ডাইক্যা নিয়া মাইয়াডার চিকিৎসার লাইগ্যা নগদ দেড় লাখ টেহা দেন। কিন্তু চিকিৎসার আগেই মাইয়াডা মইরা গেছে।’ এ ব্যাপারে কথা বলতে মনিরের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।