সেই শ্রবণ ও বাক্প্রতিবন্ধী তাসলিমা এসএসসি পাস করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী তাসলিমা এসএসসি পরীক্ষা পাস করেছে। ছবি: প্রথম আলো
শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী তাসলিমা এসএসসি পরীক্ষা পাস করেছে। ছবি: প্রথম আলো

শ্রবণ ও বাকপ্রতিবন্ধী তাসলিমা খাতুন প্রতিবন্ধিতাকে জয় করে এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে। প্রমাণ করেছে, ইচ্ছেশক্তি আর মনোবল থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।

তাসলিমা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্য কর্ণা গ্রামের দিনমজুর বদর উদ্দিনের মেয়ে। তিন ভাইবোনের মধ্যে সে দ্বিতীয়। জন্ম থেকেই সে শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী।

তাসলিমা উপজেলার মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় সে বি গ্রেড পেয়ে পাস করেছে। তার এ ফলাফলে খুশি মা-বাবা এবং বিদ্যালয়ের শিক্ষকেরা।

মা শাহীনা বেগম জানান, পরিবারে অভাব-অনটন থাকলেও মেয়ের পড়ালেখায় আগ্রহ দেখে তাকে বিদ্যালয়ে ভর্তি করান। বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে সব সময় সহযোগিতা করতেন।

এসএসসি পরীক্ষা চলাকালে কাগজে লিখে তাসলিমা সংবাদকর্মীদের জানিয়েছিল, সে উচ্চশিক্ষা নিয়ে শিক্ষক হতে চায়। তার মতো প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে শিক্ষার আলো ছড়াতে চায়। তাসলিমার স্বপ্ন নিয়ে একটি সংবাদ প্রথম আলোতেও প্রকাশ হয়েছিল। এই ফলাফলের মাধ্যমে সে তার স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করলেন তাসলিমার স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ খান।

তবে দরিদ্র হওয়ায় তাসলিমার লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে পরিবারটি। মা শাহিনা বেগম বলেন, ‘আমরাও চাই সে লেখাপড়া চালিয়ে যাক। কিন্তু কলেজে পড়ানোর মতো সামর্থ্য আমাদের নেই।’

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে তাসলিমার এ অর্জন অন্য প্রতিবন্ধী ছেলেমেয়েদের লেখাপড়ায় উৎসাহ জোগাবে। তার লেখাপড়ার খরচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে বলে তিনি জানান।