সেই সংখ্যালঘুর বাড়িতে ফের অগ্নিসংযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের প্রয়াত চিত্তরঞ্জন কবিরাজ নামে এক সংখ্যালঘুর বাড়িতে গত মঙ্গলবার রাতে দ্বিতীয় দফায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এর আগে গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
চিত্তরঞ্জন কবিরাজের ছেলে ফারদীন রহমান ওরফে বাবু (ধর্মান্তরিত) প্রথম আলোকে জানান, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর ভাই লন্ডনপ্রবাসী মহিন চন্দ্র দাসের রান্নাঘরের এক পাশে অগ্নিসংযোগ করে। এ সময় পাশের ঘরের বাসিন্দারা আগুন দেখে চিৎকার দেন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে আগুন নেভায়। আগুনে ঘরের দক্ষিণ অংশের বেড়া, তিনটি টিন, ভেতরের সিলিং পুড়ে যায়। এর আগে গত ৬ ফেব্রুয়ারি রাতে দেওয়া আগুনে উত্তর অংশ পুড়ে যায়।
ফারদীন রহমান জানান, কিছুদিন ধরে অজ্ঞাত ব্যক্তি তাঁর ও তাঁর মা বকুল রানী দাসের মুঠোফোনে ফোন করে প্রথমে এক লাখ, পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনার পর থেকে তাঁর মা বকুল রানী দাস ভয়ে পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়িতে বেশ কিছুদিন ধরে রাত যাপন করছেন।
তিনি জানান, তাঁদের এলাকায় কোনো শত্রু নেই। তবে, যারা মুঠোফোনে চাঁদা চেয়েছে, তারাই অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
ঘটনাস্থল পরিদর্শনকারী সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে পরিবারের লোকজন সেটি জানাতে পারেনি। আগুনে রান্নাঘরটির একাংশ পুড়ে যায়। এর আগের দেওয়া আগুনে ঘরটির আরেক অংশ পুড়ে গিয়েছিল।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগের ঘটনায়ও মামলা হয়েছে। কিন্তু বাদী ফারদীন রহমান সম্ভাব্য কোনো আসামির নাম উল্লেখ করেননি। মামলা তদন্ত অব্যাহত রয়েছে। তবে, দ্বিতীয় ঘটনায় মামলার প্রয়োজন নেই। বাদীকে সন্দেহভাজনদের নাম দিতে বলা হয়েছে।