সেই সড়কে সংস্কার শুরু, এবারও নিম্নমানের কাজের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন গতকাল রোববার সকাল থেকে নগরের ফজলুল হক অ্যাভিনিউয়ের ওই সড়কের খানাখন্দ ভরাট শুরু করেছে। এবারও নিম্নমানের কাজের অভিযোগ করছেন নগরের অনেকে।
নগর ভবনের সামনে থেকে মাত্র ২০০ গজের ওই সড়ক দুই মাস আগে ৬০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়। নিম্নমানের কাজ করায় দুই মাস যেতে না যেতেই কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়। ১৮ অক্টোবর প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সড়কটি সংস্কারে উদ্যোগ নেয় সিটি করপোরেশন।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির নগর ভবনসংলগ্ন একাংশের গর্ত ভরাট করছে টিকাদারি প্রতিষ্ঠান। গর্তগুলো পাথর দিয়ে ভরাট করে পিচ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এরপর শুধু ওই অংশগুলোতেই কিছু বালু-পিচ দিয়ে সংস্কারকাজ করা হচ্ছে।
সংস্কারকাজের দায়িত্বে থাকা মো. আবুল কালাম আজাদ বলেন, এই সড়কের কাজ আগে করা হয়েছিল। কিছু স্থানে গর্ত হওয়ায় সড়ক নষ্ট হয়ে যায়। ওই অংশগুলো ভরাট করে মেরামত করা হচ্ছে।
নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশন যেনতেনভাবে আবারও কাজ শুরু করেছে। ইতিপূর্বে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের জেলখানার সামনে একইভাবে লেপাপোছার কাজ করেছে। নগরজুড়ে নিম্নমানের কাজ চলছেই। কাজের বিষয়ে সিটি করপোরেশনের কোনো জবাবদিহি নেই।
গণফোরাম বরিশালের সভাপতি হিরণ কুমার দাস বলেন, সিটি করপোরেশন মেয়রের কার্যালয়ের সামনের সড়কের এ অবস্থা দেখে আমরা বিস্মিত। দুই মাসও হয়নি সড়ক সংস্কার করা হয়েছে। এখন আবার গর্ত ভরাট করে পিচ দেওয়ার কাজ চলছে। এ কাজও টেকসই হবে না। অর্থ অপচয় করে এটা কী ধরনের কাজ করছেন মেয়র আমরা বুঝি না।
নগরের বাসিন্দা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি এ কে আজাদ বলেন, ‘সড়ক সংস্কারসহ নগর ভবনের সব কাজে ব্যাপক লুটপাট চলছে। কিছু মুখচেনা মানুষ দিয়ে মেয়র ওই লুটপাট করাচ্ছেন। এ ব্যাপারে নগরবাসীর ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করা দরকার।’
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, ফজলুল হক অ্যাভিনিউয়ের ওই সড়কের যেসব স্থানে গর্তের সৃষ্টি হয়েছে, সেগুলো ভরাট করে দেওয়া হবে। আগের প্যাকেজের (৬০ লাখ টাকার) কাজের অংশ হিসেবেই ওই সংস্কারকাজ হচ্ছে। এ প্রকল্পে পুরো সড়ক কার্পেটিং করা যাচ্ছে না। ভালোভাবে কাজ করতে হলে নতুন প্রকল্প নিতে হবে।