সেই সব সাইনবোর্ড
কিছু কিছু প্রতিষ্ঠানের নাম আমরা প্রায়ই শুনি, কিন্তু কখনোই সেগুলোর সাইনবোর্ড দেখি না। দেখব কী করে? আমরা তো চোখ থাকিতে অন্ধ! আসুন এবার রস+আলোর সৌজন্যে সেই সব সাইনবোর্ড দেখে নিই।
বাবার হোটেল
হাউস: বাপের বাড়ি, দক্ষিণা আবাসিক এলাকা
এখানে মা-বাবার বেকার সন্তানদের (এমবিবিএস) জন্য উঠতে-বসতে ঝাড়ির বিনিময়ে থাকা-খাওয়ার সুবন্দোবস্ত রহিয়াছে।
বি. দ্র.: কোনো প্রকার অভিযোগ গ্রহণযোগ্য হইবে না।
মগের মুল্লুক লিমিটেড
সামনে গিয়ে ডানে মোড়, অতঃপর বাঁ থেকে ঈশান কোণ গিয়ে আড়াই কদম পিছিয়ে এলেই পাবেন মগের মুল্লুক লিমিটেড। এখানে এসে গায়ে পলিটিক্যাল একটা সিল মেরে যান। ব্যস! যাকে-তাকে মারার জন্য পেয়ে যাবেন বহু কাঙ্ক্ষিত বাঁশটি। অতঃপর পুরো দেশটাই আপনার জন্য মগের মুল্লুকে পরিণত হবে। আপনেরে পিলিজ লাগে, ভবিষ্যতে আমাদের দিকে একটু নজর রাইখেন।
টো টো কোম্পানি
নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: টো টো জগন্নাথ
যোগাযোগ: টো টো কোম্পানি
কোমর পানি লেন, অতি অতি পুরানা ঢাকা
বিদ্যার জাহাজ
যাঁরা কষ্ট করে বিদ্যার্জন করতে চান না, কিন্তু টক শো আর রাজনীতি করে জনগণকে বিদ্যা শিক্ষা দিতে বদ্ধপরিকর, আমরা তাঁদের নিয়ে যাই তাঁদের সেই কাঙ্ক্ষিত ভুবনে।
ফোর টোয়েন্টি ফোর
আওয়ার খোলা!
বোকার স্বর্গ
এই বছরই সারা দেশের জনগণকে নিয়ে বেড়িয়ে আসতে পারেন বোকার স্বর্গে।
কথিত গণতান্ত্রিক পরিবেশে দুই দলের অসৌজন্য সাক্ষাতের পর
যাত্রা শুরু হবে!
রাত পার হয়ে যাচ্ছে, অথচ আপনার বখে যাওয়া সন্তানটিকে খুঁজে পাচ্ছেন না?
যোগাযোগ করুন আমাদের সঙ্গে।
শয়তানের আখড়া
গলা টিপা মোড়, নাক দিয়া, ঢাকা