সেই সবুজ বেষ্টনী হত্যা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দুই পাশে সামাজিক বনায়নে গাছ কাটার কাজ চলছে। ছবিটি গত মঙ্গলবার দুপুরে পারাইরচক এলাকা থেকে তোলা l প্রথম আলো
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দুই পাশে সামাজিক বনায়নে গাছ কাটার কাজ চলছে। ছবিটি গত মঙ্গলবার দুপুরে পারাইরচক এলাকা থেকে তোলা l প্রথম আলো

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দুই ধারে প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে গাছ। সবুজ ছাতার মতো বেস্টন করে রেখেছিল সড়কটি। দুই বছর আগে গাছগুলোর গায়ে ‘ক্রস’ চিহ্ন এঁকে দিয়েছিল বন বিভাগ। ওই চিহ্ন ছিল গাছ কাটার। দুই বছর পর সেই চিহ্ন অনুযায়ী কাটা শুরু হয়েছে গাছ। গত মঙ্গলবার সকালে সড়কের পারাইরচক মোড়ে গিয়ে দেখা গেছে, ঘটা করে চলছে গাছ কাটা।
পারাইরচক সিলেট নগরের উপকণ্ঠ। এর একদিকে ঢাকা-সিলেট রেললাইন, অন্যদিকে সিটি করপোরেশনের বর্জ্য ফেলার স্থান। সেখানে রয়েছে নানা জাতের পাখির আনাগোনা। এর মধ্যে ভুবনচিলের সংখ্যাই বেশি। ওই এলাকায় দাঁড়ালেই সবুজের আচ্ছাদনে অনেকের গা জুড়িয়ে যেত। বন বিভাগের সামাজিক বনায়নে সৃষ্ট ১ হাজার ২০০ গাছে সড়কপাশে গড়ে উঠেছিল সবুজের বেষ্টনী। এর মধ্যে ১ হাজার ৯৫টি গাছ কাটার জন্য চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পারাইরচক এলাকায় দুই শতাধিক গাছ কাটা হয়েছে। এক সপ্তাহের মধ্যে ৪ কিলোমিটার এলাকার বাকি গাছও কাটা হয়ে যাবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মীরা।
পরিবেশ ও প্রাণী অধিকারবিষয়ক সিলেটের সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশের’ সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবীর বলেন, ‘বৃক্ষরোপণে বন বিভাগের সামাজিক বনায়নের নীতি নিয়েও আমাদের প্রশ্ন আছে। কাটার আগে গাছগুলোর অবস্থানগত দিক বিবেচনা করা দরকার। কেননা, সেখানে বর্জ্যের ভাগাড়ে কয়েক হাজার চিলের আবাসন ওই গাছগুলো। ৪ কিলোমিটার এলাকার ১ হাজারের বেশি পরিপক্ব গাছ কেটে ফেললে চিলগুলোর আবাসনও বিপন্ন হবে।’
পারাইরচক থেকে সরেজমিনে ৪ কিলোমিটার সড়ক ঘুরে দেখা গেছে, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার খালেরমুখ মাজার পর্যন্ত দুপাশে অসংখ্য আকাশি, রেইনট্রি, কড়ই, অর্জুন, মেহগনি ও শিশুগাছ রয়েছে। এর মধ্যে পরিপক্ব গাছ চিহ্নিত করতে দুই বছর আগে এপ্রিল মাসে ক্রস চিহ্ন দিয়ে রাখা হয়েছিল। এ নিয়ে ২০১৫ সালের ২৪ এপ্রিল প্রথম আলোয় ‘সবুজ হত্যার আয়োজন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল।
সিলেট বন বিভাগের বন সম্প্রসারণ ও নার্সারি শাখা জানায়, পারাইরচকে গাছগুলো লাগানো হয়েছিল ১৯৯৩ থেকে ১৯৯৪ সালে। সামাজিক বনায়নে ২২ জনের একটি উপকারভোগী দল গঠন করে রোপণ করা হয়েছিল গাছগুলো। এ ব্যাপারে বন বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী ২০ বছর পর গাছগুলো কাটা হবে বলে উল্লেখ থাকায় কাটার জন্য গাছ চিহ্নিত করে তালিকা করা হয়। পরে জেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটিতে এ তালিকা উপস্থাপন সাপেক্ষে দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দর ৩১ লাখ ১১ হাজার ৪০০ টাকায় গাছগুলো বিক্রি করা হয়েছে।
দুই বছর আগে গাছ কাটার চিহ্ন দিয়ে দুই বছর পর কাটার আয়োজন সম্পর্কে বন বিভাগের একজন কর্মকর্তা বলেন, এ নিয়ে পত্রপত্রিকায় প্রতিবেদন হওয়ায় গাছ কাটা বিলম্বিত হয়েছে। এ ছাড়া সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ (সওজ) গাছ কাটার বিষয়ে তাগাদা দেওয়ায় দ্রুত কাটা হচ্ছে।
জানতে চাইলে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, গাছগুলো মেয়াদ পূর্ণ হওয়ায় ঝড়ে পড়ে যাওয়ার আশঙ্কা থেকে কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। এটা সড়ক নিরাপত্তার স্বার্থেই। তবে আবার বনায়নের কথাও বলা হয়েছে।
এ ব্যাপারে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সামাজিক বনায়নের নীতি অনুযায়ী আমাদের গাছ কাটতে হচ্ছে। কারণ, উপকারভোগী ব্যক্তিদের বিনিয়োগও আছে এখানে।’ পুরো এলাকা সবুজশূন্য হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘গাছগুলো বিক্রির ১০ শতাংশ টাকা রাখা হবে আবার বনায়নের জন্য। সামগ্রিক অবস্থায় আমাদের চেষ্টা থাকবে দ্রুত বর্ধনশীল গাছ রোপণ করে ওই এলাকা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া।’