সেই সরকারি জায়গায় দোকান নির্মাণ বন্ধ
বগুড়ার ধুনটে পুকুর ভরাট ও সরকারি জায়গা দখল করে শতাধিক দোকানঘরের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সাংসদের নির্দেশে উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় গতকাল বৃহস্পতিবার এ কাজ বন্ধ করে দেওয়া হয়। উপজেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই ধুনট-গোশাইবাড়ী রোডের দক্ষিণ পাশে এবং ধুনট-সোনামুখী রোডের পূর্ব পাশে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের কাজ শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী ওরফে তারিক এ কাজ করাচ্ছেন। এরই মধ্যে তিনটি সরকারি জায়গায় মোট ১৭০টি দোকানঘর বরাদ্দ দিয়ে আওয়ামী লীগের নেতা কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ১৪ অক্টোবর প্রথম আলোয় ‘সরকারি জায়গায় আওয়ামী লীগ নেতার ১৭০ দোকান’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন পড়ে ২২ অক্টোবর বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাংসদ হাবিবর রহমান উপজেলা চেয়ারম্যান টি আই এম নুরুন্নবীকে চিঠি দেন। সাংসদ হাবিবর রহমান বলেন, উপজেলা পরিষদের জায়গার মালিক স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ কারণে মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া ওই জায়গায় দোকান বরাদ্দ দেওয়ার ক্ষমতা উপজেলা চেয়ারম্যানের নেই। এর পরও তিনি শুধু পরিষদের রেজ্যুলেশন মূলে এসব অবৈধ কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। এ কারণে চেয়ারম্যানকে জনস্বার্থে অবৈধ কাজ বন্ধের জন্য চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। দোকানঘর নির্মাণকাজ স্থগিত থাকার কথা স্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী। তিনি জানান, সাংসদ মহোদয়ই বছর দেড়েক আগে এসব দোকানঘরের ভিত্তিপ্রস্তরের নামফলক উন্মোচন করেন। এখন তিনিই কাজ বন্ধ রাখতে বলছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি বলেন, ‘উপজেলা পরিষদের পক্ষ থেকে সরকারি জায়গায় মার্কেট (বিপণিবিতান) নির্মাণ বন্ধ করতে সাংসদ মহোদয় আমাকে গত ২২ অক্টোবর চিঠি দিয়েছেন। এ ছাড়া বুধবার রাতে আবারও টেলিফোনে কাজ বন্ধ করে দিতে বলেছেন। এ কারণে কাজ বন্ধ রাখতে ওই স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’