সেই সহকারী অধ্যাপককে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার অধ্যাপক আবদুল মজিদ কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলী আজগরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাঁকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কুমিল্লার জেলা প্রশাসক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. রেজাউল আহসান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।সহকারী অধ্যাপক আলী আজগর সম্প্রতি ওই কলেজের অধ্যক্ষকে পাশ কাটিয়ে বিধিবহির্ভূতভাবে এইচএসসি পরীক্ষার্থীদের আবেদনপত্রে সই করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে ওই নোটিশ দেওয়া হয়। জানা গেছে, গত বুধবার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান স্বাক্ষরিত একটি চিঠি আলী আজগরকে দেওয়া হয়। ওই চিঠিতে জেলা প্রশাসক উল্লেখ করেন, ‘আপনি (আলী আজগর) গভর্নিং বডির সভার সিদ্ধান্ত ব্যতীত এবং নিম্নস্বাক্ষরকারীকে (জেলা প্রশাসক) অবহিত না করে অধ্যক্ষের পক্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরমে আইনবহির্ভূতভাবে স্বাক্ষর প্রদান করে কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রেরণ করেছেন। বিধিবহির্ভূতভাবে প্রেরণের কারণে শিক্ষা বোর্ড তা গ্রহণ করেনি। এমতাবস্থায়, বিধিবহির্ভূত কার্যকলাপের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা পত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’ অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, কলেজের শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে ওই শিক্ষক এর আগেও একবার সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন। প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি প্রথম আলোয় ‘অধ্যক্ষকে পাশ কাটিয়ে সহকারী অধ্যাপকের আবেদনপত্রে সই’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর আবেদনপত্রগুলো কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে কলেজে ফিরিয়ে দেওয়া হয়। পরে অধ্যক্ষ আবদুল মজিদ পুনরায় সই করে বোর্ডে পাঠান।