সেই সাংবাদিকের পায়ের অস্ত্রোপচার হলো ক্লিনিকে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না পাওয়া সাংবাদিকের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে একটি বেসরকারি ক্লিনিকে। গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের হিউম্যান কেয়ার নামের ওই ক্লিনিকে এই অস্ত্রোপচার হয়৷
রাজশাহীতে কর্মরত একটি জাতীয় এবং একটি স্থানীয় পত্রিকার আলোকচিত্রী গুলবার আলী ওরফে জুয়েল গত ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছবি তুলতে গিয়ে আহত হন। এতে তাঁর ডান পা ভেঙে যায়। ওই দিন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসকেরা তাঁর পায়ে লোহার রড লাগিয়ে দেন। গত ৪ মে তিনি পায়ের রড খুলে প্লাস্টার করার জন্য আবার হাসপাতালে ভর্তি হন৷ কিন্তু শিক্ষানবিশ চিকিৎসকেরা তাঁর স্ত্রীকে জানিয়ে দেন, সাংবাদিকের চিকিৎসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হবে না, ঢাকায় যেতে হবে। এরপর ৬ মে তিনি হাসপাতাল ছেড়ে চলে আসেন।
এর প্রতিবাদে গত বৃহস্পতিবার রাজশাহীতে সাংবাদিকেরা মানববন্ধন করেন। এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে ব্যবসায়ী সমন্বয় পরিষদ চিকিৎসা না দিলে শিক্ষানবিশ চিকিৎসকদের কাছে খাদ্যসামগ্রী বিক্রি করবেন না বলে ঘোষণা দেন।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন সাংবাদিক গুলবার আলীর চিকিৎসার ব্যয়ভার বহন করার ঘোষণা দেন।
গুলবার আলী বলেন, তিনি বুঝতে পেরেছিলেন, শিক্ষানবিশ চিকিৎসকদের চাপে তাঁর অস্ত্রোপচারে বিলম্ব করা হচ্ছিল এবং অযথা তাঁকে আরও চার ধরনের পরীক্ষা করতে বলা হয়েছিল। অথচ ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিৎসক জুলফিকার আলী অস্ত্রোপচার করে তাঁর পায়ের রড খুলে প্লাস্টার দিয়েছেন। কোনো পরীক্ষার প্রয়োজনই পড়েনি।
এদিকে সাংবাদিকদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানোর ঘটনায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন। এতে কোন ক্ষমতাবলে শিক্ষানবিশ চিকিৎসকেরা সাংবাদিককে সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং অস্বীকৃতি জানানোয় সংশ্লিষ্ট শিক্ষানবিশদের চিকিৎসক হিসেবে ভবিষ্যতে লাইসেন্স দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ কেন দেওয়া হবে না, তা স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিএমডিসির সভাপতিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২০ এপ্রিল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনের দুর্ব্যবহারকে কেন্দ্র করে রোগীর স্বজনকে মারধরের ঘটনার খবর সংগ্রহ করতে গেলে শিক্ষানবিশ চিকিৎসকরা সাংবাদিকদের ওপরে হামলা চালান৷ এতে ১০ সাংবাদিক আহত হন। সাংবাদিকদের দুটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। আরও তিনটি ক্যামেরা ভাঙচুর করা হয়। এ ঘটনায় শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে সাংবাদিকেরা থানায় দুটি পৃথক মামলা করেন।