সেই সাংবাদিকের বিরুদ্ধে এবার মামলা দায়ের

ফেসবুকে প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগলের মৃত্যুর সংবাদ শেয়ার করায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা সাংবাদিকের বিরুদ্ধে এবার একই আইনে মামলা হয়েছে।
গত সোমবার খুলনার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালত ‘খ’ অঞ্চলে সাংবাদিক সুব্রত কুমার ফৌজদারের বিরুদ্ধে মামলাটি করেন জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের জয়দেব কুমার মণ্ডল। তিনি ডুমুরিয়া উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক।
আদালতের বিচারক নুসরাত জাবিন মামলাটি আমলে নিয়ে তা তদন্তের জন্য সহকারী পুলিশ সুপার ‘বি’ সার্কেলকে নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর।
সুব্রত কুমার ফৌজদার যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি। গত ৩১ জুলাই রাতে খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকার ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি আবদুল লতিফ মোড়লের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা করেছিলেন সুব্রত। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিতরণ করা ছাগলের একটি মারা যাওয়ার সংবাদ নিজের ফেসবুকে শেয়ার করার অভিযোগে লতিফের বিরুদ্ধে মামলা করেন তিনি। ওই মামলায় এক দিন কারাগারে থাকা লতিফ বর্তমানে জামিনে রয়েছেন।
জয়দেবের করা মামলার আরজিতে বলা হয়েছে, সুব্রত ফৌজদার গুটুদিয়া মঠসংলগ্ন সরকারি দিঘি থেকে অবৈধভাবে মাছ চুরি ও সরকারি পিলার উত্তোলন করে আত্মসাৎ করায় তাঁর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন তিনিসহ কয়েকজন। এতে তাঁর সঙ্গে সুব্রতর দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সুব্রত নিজের ফেসবুকে তাঁকে উল্লেখ করে বিভিন্ন মানহানিকর বক্তব্য ও হুমকি-ধমকি দেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে সুব্রত প্রথমআলোকে বলেন, একজন সাংবাদিক হিসেবে ৫৭ ধারার বিপক্ষে আন্দোলন করে যাচ্ছেন। না বুঝেই ওই সময় আবদুল লতিফের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। বিষয়টি মীমাংসা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে সেই ৫৭ ধারাতেই মামলাটি করানো হলো।