সেই সাইফুলকে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মাননা
হাসপাতালে অজ্ঞাতপরিচয় রোগীদের পাশে দাঁড়ানো মো. সাইফুল ইসলাম ওরফে নেসারকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সম্মাননা হিসেবে সাইফুলের হাতে ক্রেস্ট, উপহারসামগ্রী ও ২০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাইফুল ইসলাম প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমার এই সম্মাননা তখনই সার্থক হবে যখন রাষ্ট্র এসব অজ্ঞাতপরিচয় রোগীদের চিকিৎসার দায়িত্ব নেবে। হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই দায়িত্ব পালন করা যেতে পারে।’
গত শনিবার প্রথম আলোর ক্রোড়পত্র ছুটির দিনেতে ‘অন্য রকম একজন’ শিরোনামে একটি প্রতিবেদনে সাইফুল ইসলামের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় রোগীদের পাশে দাঁড়ানোর কাহিনি তুলে ধরা হয়। এরপর জেলা প্রশাসন থেকে সাইফুল ইসলামকে সম্মাননা জানানোর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাদল সৈয়দ, সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বন্দনা দাশ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মুরশিদ আরা বেগম, প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মুজিবুল হক খান, যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নারায়ণ ধর প্রমুখ।
জেলা প্রশাসক হাসপাতাল কর্তৃপক্ষ এবং সমাজসেবা দপ্তরকে অজ্ঞাত এবং অসহায় রোগীদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘সাইফুল দেখিয়ে দিয়েছে কীভাবে মানুষের সেবা করতে হয়। তাঁর এই সেবা আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের সমাজসেবা দপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে এভাবে গরিব অসহায় এবং অজ্ঞাতপরিচয় রোগীদের পাশে দাঁড়াতে পারে। এ জন্য একটি সেল গঠন করা দরকার।’