সেই সাইফুলকে জেলা প্রশাসনের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী সাইফুল ইসলাম নেসারকে (মাঝে) গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয় l ছবি: প্রথম আলো
মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী সাইফুল ইসলাম নেসারকে (মাঝে) গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয় l ছবি: প্রথম আলো

হাসপাতালে অজ্ঞাতপরিচয় রোগীদের পাশে দাঁড়ানো মো. সাইফুল ইসলাম ওরফে নেসারকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সম্মাননা হিসেবে সাইফুলের হাতে ক্রেস্ট, উপহারসামগ্রী ও ২০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাইফুল ইসলাম প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমার এই সম্মাননা তখনই সার্থক হবে যখন রাষ্ট্র এসব অজ্ঞাতপরিচয় রোগীদের চিকিৎসার দায়িত্ব নেবে। হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই দায়িত্ব পালন করা যেতে পারে।’ গত শনিবার প্রথম আলোর ক্রোড়পত্র ছুটির দিনেতে ‘অন্য রকম একজন’ শিরোনামে একটি প্রতিবেদনে সাইফুল ইসলামের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় রোগীদের পাশে দাঁড়ানোর কাহিনি তুলে ধরা হয়। এরপর জেলা প্রশাসন থেকে সাইফুল ইসলামকে সম্মাননা জানানোর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাদল সৈয়দ, সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বন্দনা দাশ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মুরশিদ আরা বেগম, প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নারায়ণ ধর প্রমুখ।