সেই সাতজনকে হত্যার ঘটনায় নিয়মিত মামলা গ্রহণের নির্দেশ আদালতের
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের উড়িরচরের চর বালুয়া এলাকায় সাত ব্যক্তিকে পিটিয়ে ও গুলি করে হত্যার ঘটনা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড (এফআইআর-ভুক্ত) করার নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভূঁইয়া কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক।
২০১৪ সালের ২৫ জুন ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মো. রাসেলের ভাই মো. হানিফ ৩ নভেম্বর নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতে একটি পিটিশন মামলা করেন। বিচারক বাদীর আবেদন আমলে নিয়ে এ রকম কোনো ঘটনা ঘটেছে কি না, ঘটলে এ ব্যাপারে থানায় মামলা হয়েছে কি না, তা কোম্পানীগঞ্জ থানার ওসির কাছে জানতে চান।
আদালত সূত্র জানায়, আদালতের চিঠি পাওয়ার পর থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে, কিন্তু এ বিষয়ে থানায় কেউ মামলা করেননি উল্লেখ করে আদালতে লিখিত জবাব দেন। গতকাল মামলার ধার্য তারিখে ওসির জবাব উত্থাপিত হওয়ার পর বিচারক বাদীর অভিযোগটি নিয়মিত মামলার এজাহার হিসেবে গণ্য করে এফআইআর-ভুক্ত করার আদেশ দেন।
ওই এজাহার পর্যালোচনা করে দেখা যায়, কোম্পানীগঞ্জের চরএলাহীর অংশে বসবাসকারী ভূমিহীনদের ওপর ধারাবাহিকভাবে চলে আসা অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদ করায় ২০১৪ সালের ২৫ জুন প্রকাশ্যে প্রতিবাদী সাত ব্যক্তিকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করে জল ও বনদস্যুরা।
বাদীর অভিযোগ, স্থানীয় জল ও বনদস্যু বাহিনীর প্রধান হিসেবে পরিচিত নুরুনবী ওরফে মামুন ও তাঁর বাহিনীর লোকেরা সংঘটিত হয়ে এ হত্যাকাণ্ড ঘটান। হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়। আসামিদের হুমকির কারণে দীর্ঘদিন পলাতক থাকায় হত্যাকাণ্ডের আলামত সংগ্রহে বিলম্বের কারণে মামলা করতে বিলম্ব হয়।
এজাহারে সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের জল ও বনদস্যু বাহিনীর প্রধান নুরুনবী ওরফে মামুনকে প্রধান আসামি করা হয়।
আদালতের আদেশের বিষয়ে ওসি গতকাল দুপুরে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী বাদীর অভিযোগ এফআইআর-ভুক্ত করা হবে এবং তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।