রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলরদের একাংশ গতকাল সোমবার অনুষ্ঠিত সিটি করপোরেশনের সাধারণ সভাকে অবৈধ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। রাজশাহী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে বলা হয়, গত বছরের ৭ মে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেনকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর বিরুদ্ধে তিনি আপিল করলে হাইকোর্টের একটি বেঞ্চ মন্ত্রণালয়ের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেন। সরকার পক্ষ এ নিয়ে আপিল করলেও হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অপর এক মামলায় গত ৩ মার্চ সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল আযীমকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন নিযাম। কিন্তু ২৪ মার্চ সেই আপিল খারিজ করে দেন আদালত। ফলে আইন অনুযায়ী নিযাম-উল-আযীমের মেয়র পদে থাকা অবৈধ।
কাউন্সিলররা অভিযোগ করেন, উচ্চ আদালতের আদেশের পর ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীমের ওপর অর্পিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা রহিত হয়ে গেছে। নিযাম এখন শুধু একজন কাউন্সিলর। সিটি করপোরেশন আইন অনুযায়ী সাধারণ সভা ডাকার তাঁর এখতিয়ার নেই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ১ নম্বর প্যানেল মেয়র ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন ২ নম্বর প্যানেল মেয়র ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টিটু, ৩ নম্বর প্যানেল মেয়র ও ৯ নম্বর সংরক্ষিত নারী কাউন্সিলর নুরুন্নাহার বেগম, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন দিলদার, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম মিলু, ৮ নম্বর সংরক্ষিত নারী কাউন্সিলর শাহনাজ বেগম ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হামিদ সরকার। তাঁরা লিখিত বক্তব্যের সঙ্গে ২২ জন কাউন্সিলরের স্বাক্ষরযুক্ত একটি কাগজ উপস্থাপন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশনের সাধারণ সভায় ২৪ জন কাউন্সিলর সই করেন। গতকালের সংবাদ সম্মেলনে উপস্থাপন করা কাগজে সই রয়েছে—এমন কয়েকজন কাউন্সিলর ওই সাধারণ সভাতেও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত কাউন্সিলর আনোয়ারুল আমিন বলেন, ‘৪০ জন কাউন্সিলরের মধ্যে ২৫ জন কাউন্সিলর আমাদের সমর্থন দিয়েছেন। তিনজন বাইরে থাকায় মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ২২ জন স্বাক্ষর করেছেন। আরও অনেক কাউন্সিলর আছেন, যাঁরা স্বাক্ষর না করলেও তাঁদের মৌন সমর্থন আছে।’
সরকারদলীয় কাউন্সিলর আবদুল হামিদ সরকার বলেন, ‘আমাদের জানামতে, আগের প্যানেল থেকে কোনো মেয়র পদত্যাগ করেননি। কিন্তু আগে সাদা প্যাডে নেওয়া তাঁদের স্বাক্ষরকে অনৈতিকভাবে ব্যবহার করে পদত্যাগ দেখানো হয়েছে। তাই নৈতিক অবস্থান থেকে আমরা এর প্রতিবাদ জানিয়েছি। কেননা, এতে করে দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।’
সাধারণ সভাকে অবৈধ দাবি প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম বলেন, ‘তারা সাধারণ সভাকে অবৈধ বলার কে? তারা আমাকে অবৈধ বলছে, আবার আমার স্বাক্ষরিত বেতন–ভাতা ভোগ করছে।’ তিনি বলেন, আদালতের পূর্ণাঙ্গ রায় এখনো পাওয়া যায়নি। মন্ত্রণালয় তাঁকে দায়িত্ব দিয়েছে। এখনো ছাড়ার নির্দেশ দেয়নি।
৩ এপ্রিল নগর ভবনের ৩০২ নম্বর কক্ষে কয়েক মিনিটের জন্য সিটি করপোরেশনের এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গত নির্বাচনের পর নির্বাচিত প্যানেল মেয়ররা পদত্যাগ করেছেন বলে ওই সভায় নতুন করে প্যানেল মেয়র নির্বাচন করা হয়। কিন্তু আগের প্যানেল মেয়রদের দাবি, তাঁরা কেউ পদত্যাগ করেননি।