চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় সাবেক এক বিচারিক হাকিমকে জামিন দেওয়ার দুই দিনের মাথায় তা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপক্ষ থেকে করা জামিন বাতিলের আবেদনের ওপর শুনানি হবে আজ বৃহস্পতিবার।
সাবেক বিচারকের নাম শেখ ওমর শরীফ আল মারুফ রাসেল (৩৫)। গতকাল বুধবার বিকেলে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস শুনানি শেষে এ আদেশ দেন।
২০১০ সালের ১৬ মে নগরের খুলশী জাকির হোসেন রোড এলাকায় হিযবুত তাহ্রীরের প্রচারপত্রসহ তন্ময় নামের এক যুবককে আটক করে খুলশী থানা-পুলিশ। তিনি পুলিশের কাছে স্বীকার করেন, ওমর শরীফের কাছ থেকে প্রচারপত্রগুলো নিয়েছেন বিলির জন্য। পরে পুলিশ ওমর শরীফের বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করে।
এই ঘটনায় মামলা দায়ের করা হলে ওই মামলায় বর্তমানে দুজনের সাক্ষ্য নিয়েছেন আদালত। চার বছর পলাতক থাকার পর গত রোববার আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন ওমর শরীফ। শুনানি শেষে পরদিন সোমবার তাঁর পাসপোর্ট জমা রেখে শর্ত সাপেক্ষে এক সপ্তাহের জামিনের আদেশ দেন আদালত।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দিন চৌধুরী বলেন, শেখ ওমর শরীফ আল মারুফ রাসেল মুক্তি পেলে দেশে জঙ্গিবাদ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।