সেই সাবেক বিচারিক হাকিমের তথ্য দিতে ডিবিকে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় কারাগারে আটক সাবেক বিচারিক হাকিম শেখ ওমর শরীফ আল মারুফ রাসেল (৩৫) সম্পর্কে তথ্য দিতে নগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দিন চৌধুরী বলেন, সাবেক বিচারিক হাকিম শেখ ওমর শরীফ আল মারুফ রাসেল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের অন্যতম সমন্বয়ক। মামলা দায়েরের চার বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন গত রোববার। পরদিন সোমবার তাঁর পাসপোর্টটি জমা রেখে শর্ত সাপেক্ষে এক সপ্তাহের জামিন দেন আদালত। কিন্তু তিনি মুক্তি পেলে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করে তাঁর জামিন বাতিল ও স্থগিত রাখার আবেদন করা হয় বুধবার রাষ্ট্রপক্ষ থেকে। গতকাল শুনানি শেষে বিচারক আদেশ দেন, চার বছর ওমর শরীফ কোথায় ছিলেন, তাঁর পেশা কী ছিল, পলাতক থাকাবস্থায় তিনি কীভাবে পাসপোর্ট পেয়েছেন—যাবতীয় বিষয় তদন্ত করে ২৭ নভেম্বরের মধ্যে নগর ডিবি পুলিশের সহকারী কমিশনারকে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। এই প্রতিবেদন পাওয়ার পর জামিন বাতিলের বিষয়ে আদেশ দেবেন আদালত। এ সময় পর্যন্ত তাঁর জামিন স্থগিত থাকবে।