সেই সিএনজি স্টেশনের মালিকসহ দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রুমি ফিলিং সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় করা মামলায় স্টেশনের মালিক আবদুর রহিম খান ও ব্যবস্থাপক সেলিম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের বিচারক শেখ মুজাহিদ-উল ইসলাম এ নির্দেশ দেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলার বরঙ্গাইল এলাকার ওই ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ সাত ব্যক্তির সবাই নিহত হন। তাঁদের মধ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাউনা গ্রামের হেলাল উদ্দিন (৪৫) ঘটনাস্থলে মারা যান। পরের দিন ৩০ সেপ্টেম্বর পাখি মিয়া (৪০), আরশেদ আলী (৪৩), মাসুম হোসেন (৪৮) ও লেবু মিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং দেলোয়ার হোসেন (৪০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ছাড়া গত ৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সালাউদ্দিন (৩৫)।
এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যু সংঘটিত করা ও ক্ষতিসাধনের অভিযোগে থানায় মামলা করেন। মামলায় ওই সিএনজি স্টেশনের মালিক ও শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহিম খান, ব্যবস্থাপক সেলিম হোসেনসহ স্টেশনের অজ্ঞাতপরিচয় কয়েকজন কর্মচারীকে আসামি করা হয়। এ নিয়ে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন ছাপা হয়।
আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক গতকাল প্রথম আলোকে জানান, দুপুর পৌনে ১২টার দিকে আবদুর রহিম খান ও সেলিম হোসেন আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। বিচারক শেখ মুজাহিদ-উল ইসলাম আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।