জ্বালানি তেল বিপণন সংস্থা যমুনা অয়েল কোম্পানির সিবিএর সেই নেতার বিরুদ্ধে কমিটি তদন্ত শেষ করেনি। ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
যমুনা অয়েল কোম্পানির সিবিএর সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ টি এম সেলিমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। এ টি এম সেলিম বিপিসির উপমহাব্যবস্থাপক।
মুহাম্মদ এয়াকুব ১৯৯৪ সালে দৈনিক ভিত্তিতে যমুনা অয়েল কোম্পানিতে যোগ দেন। ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে তাঁর চাকরি স্থায়ী হয়। তিনি এখন কম্পিউটার অপারেটর পদে আছেন, যা তৃতীয় শ্রেণির কর্মচারীর পদ। সাকল্যে তাঁর মাসিক বেতন ২২ হাজার টাকা। এর মধ্যেই তিনি জমিসহ বিপুল সম্পদের মালিক হন বলে অভিযোগ ওঠে। প্রথম আলোতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলিমউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘মুহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি হয়েছে। ধীরস্থিরভাবে কমিটি কাজ করবে।’
যমুনা অয়েল কোম্পানি সূত্র জানায়, ৯ জুন তদন্ত কমিটি গঠন হয়। কমিটিকে ২৪ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়। এ-সংক্রান্ত চিঠি ইস্যু করেন বিপিসির সচিব দীপক চক্রবর্তী।
তদন্ত কমিটির প্রধান এ টি এম সেলিম এ প্রসঙ্গে বলেন, ‘কমিটি গঠনের চিঠি অনেক দেরিতে আমরা পেয়েছি। তাই কাজ শুরু করতে দেরি হয়েছে। আমরা আরেকটু সময় নিয়ে প্রতিবেদন দাখিল করব।’