সেই সুবল চন্দ্র এখনো ধরাছোঁয়ার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) উত্তরপত্রে নতুন করে লেখার সুযোগ দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি ইংরেজির পরীক্ষক সুবল চন্দ্র এখনো ধরাছোঁয়ার বাইরে। রংপুরে এ ঘটনার ২২ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।রংপুরের গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুবল চন্দ্র এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তরপত্র মূল্যায়নের পরীক্ষক ছিলেন। তাঁর কাছে মূল্যায়নের ৪৫১টি উত্তরপত্র ছিল। এর মধ্যে ১০০ উত্তরপত্র তিনি দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে জমা দেন। গত ২৫ মে রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিনোদনকেন্দ্র ভিন্নজগতের ফটকের সামনের একটি রেস্তোরাঁ থেকে সুবলের সহকর্মী সোনাহাট ডিগ্রি কলেজের সাচিবিকবিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আশরাফুল আলমকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। ওই সময় তাঁর কাছ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের ৮৮টি উত্তরপত্র উদ্ধার করা হয়।ডিবি পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারের পর আশরাফুল স্বীকার করেন, ওই উত্তরপত্রগুলো পরীক্ষক সুবল চন্দ্রের। ১০০ শিক্ষার্থীর উত্তরপত্রে নতুন পাতা যুক্ত ও ভুল উত্তর কেটে সেখানে সঠিক উত্তর লিখে দেওয়ার বিনিময়ে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে তাঁরা পাঁচ থেকে সাত হাজার করে টাকা নিয়েছেন। অর্থের লোভে তাঁরা সুবলকে সহযোগিতা করেন।শিক্ষক আশরাফুলের স্বীকারোক্তি অনুযায়ী ২৫ মে রাতেই রংপুর শহর ও ভিন্নজগত এলাকা থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরের দিন আশরাফুলের শ্বশুরবাড়ি রংপুরের কামালকাছনা বৈরাগীপাড়া থেকে আরও দুটি এবং ২৬১টি উত্তরপত্র ভূরুঙ্গামারীতে সোনাহাট ডিগ্রি কলেজের পাশে পরীক্ষক সুবলের ঘরের তালা ভেঙে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই ৩৫১টি উত্তরপত্র সুবলের হেফাজতে ছিল।এ ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খ ম রফিকুল ইসলাম বাদী হয়ে পরীক্ষক সুবল চন্দ্রকে প্রধান আসামি করে দুর্নীতি দমন আইনে গঙ্গাচড়া থানায় মামলা করেন। এ ব্যাপারে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, মামলাটি ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিশ্বাস ভঙ্গকারী পরীক্ষক সুবল চন্দ্র উত্তরপত্রে নতুন পাতা সংযোজন করে ও মূল উত্তরপত্র পরিবর্তন করে অসদুপায়ে পরীক্ষার্থীদের কাছ থেকে উৎকোচ নিয়ে জালিয়াতির চেষ্টা চালান।পুলিশ সূত্র জানায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে রংপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে এসব উত্তরপত্র বোর্ড কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। তবে মামলার নথি হিসেবে জব্দ করা উত্তরপত্রগুলোর ফটোকপি পুলিশের কাছে রয়েছে। মামলার বাদী ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খ ম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুবল চন্দ্রের হেফাজতে থাকা সব উত্তরপত্র পাওয়া গেছে এবং অন্য পরীক্ষক দিয়ে এসব উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা রংপুরের ডিবির উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, মূল আসামি সুবল চন্দ্রকে গ্রেপ্তার করতে সম্ভাব্য সব স্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু আত্মগোপনে থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।যোগাযোগ করা হলে পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে পুলিশ সার্বক্ষণিক ব্যস্ত থাকায় এই মামলার আটজন আসামির মধ্যে মূল আসামি পরীক্ষক সুবল চন্দ্রকে গ্রেপ্তার করতে নতুন করে পুলিশি অভিযান চালানো সম্ভব হয়নি। আবার অভিযান চালানো হবে।